শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬

হকি কোচ ওস্তাদ ফজলু পেলেন শেখ কামাল এনএসসি পুরস্কার

পাঠক প্রিয়

‘ওস্তাদ ফজলু’ নামেই বেশি পরিচিত। পুরো নাম হাজি মো: ফজলুল ইসলাম। তবে এ নামে তাকে সচরাচর কেউ চেনার কথা না। পুরোদস্তুর একজন হকি অন্তঃপ্রাণ মানুষ তিনি। স্টিক আর বলের ভালোবাসা ছাড়া ভিন্ন কিছু যেন কল্পনাই করতে পারেন না। সেই যে ছোটবেলায় শুরু-বয়স ৫০ পেরিয়ে গেলেও ছাড়তে পারেননি হকি। নীরবেই কাজ করে যাচ্ছেন পুরান ঢাকার এই কোচ। কাজের স্বীকৃতিস্বরূপ প্রধানমন্ত্রীর হাত থেকে পেলেন শেখ কামাল এনএসসি ক্রীড়া পুরস্কার। এর আগে ২০১২ সালে সম্মাননা দিয়েছে বাংলাদেশ হকি ফেডারেশন (বাহফে)। ২০১৬ সালে তৃণমূলে কোচ হিসেবে পুরস্কার দিয়েছে বাংলাদেশ ক্রীড়ালেখক সমিতি (বিএসপিএ)।

দেশের হকিতে সবচেয়ে বেশি খেলোয়াড় সরবরাহ করেছে আরমানিটোলা সরকারি উচ্চবিদ্যালয়। এক সময় ফরিদপুর, রাজশাহী, ময়মনসিংহ থেকে অনেক খেলোয়াড় উঠে এলেও এখন সেটি একপ্রকার বন্ধ। বর্তমানে হকি শাষন করছে বিকেএসপি। তবে তৃণমূলে ওস্তাদের ধারে কাছে নেই। অথচ তার প্রতিদিনের সংসার কিভাবে চলবে সে হিসাব নেই। একবার এক সংবর্ধনার পর আক্ষেপ করে একবার বলেছিলেন, মাঠে থেকে যতক্ষণ অনুশীলন করাই ততক্ষণ ভালো থাকি। ঘরে গেলেই শুনতে হয় এটা নেই, ওটা নেই। ট্রফি দিয়ে কি করব। আমার যে সংসার চলে না।
গতকাল শেখ কামাল পুরস্কারের পর ওস্তাদ জানালেন, ‘স্বপ্ন দেখি বাংলাদেশ এশিয়া কাপ জিতবে। ক্রিকেটের মতো প্রফেশনাল হবে। খেলোয়াড়দের বেতন থাকবে, বোনাস থাকবে। আল্লাহর রহমতে আমার নিজের সংসার কোনোমতে চলে যাচ্ছে। আমি চাই প্রতিটা হকি খেলোয়াড় যেন অর্থকষ্টে না ভোগে।’

পুরস্কারের এক লাখ টাকা দিয়ে কি করবেন। জানতে চাইলে ওস্তাদ বলেন, ‘কিছু দেনা পরিশোধ করব। ঘরে ফ্রিজ ও টিভি আনব। মেয়েটা অনেকদিন থেকেই টিভির জন্য কান্নাকাটি করেছে। আমাকে যারা ভালোবাসে তাদেকে মিষ্টিমুখ করাব ইনশ আল্লাহ।’
এশিয়া কাপে বাংলাদেশ হকি দলের অপরিহার্য চার খেলোয়াড় রাসেল মাহমুদ জিমি (অধিনায়ক), নাঈম উদ্দিন, মো: আরশাদ ও ইমরান হাসান ওস্তাদ ফজলুর হাত ধরেই জাতীয় দলের জার্সি গায়ে চাপিয়েছেন। তবে শুধু এই চারজনই নন, ফজলুর হাত ধরে জাতীয় দল ও যুব দলে নাম লিখিয়েছেন ২৪ জনের মতো খেলোয়াড়।
পুরান ঢাকার বেগম বাজারের গলি পেরিয়ে সামনে এগোতেই ওস্তাদ ফজলুর বাড়ি। বাড়ির ছাদে শখ করে সবাই বাগান করে; কিন্তু করোনাকালীন সময়ে তিনি এমনভাবে ছাদকে সাজিয়েছেন, যেন মিনি হকি মাঠ। ছাদবাগানের জায়গায় করেছেন ছাদহকি। করোনার বিস্তারের সময় স্কুল ও খেলার মাঠ বন্ধ হয়ে গেলে নিজেকে এবং শিষ্যদের ফিট রাখতে এই ছাদহকির কল্পনা এবং বাস্তবায়ন। যেটি সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে জাতীয় পুরস্কারে।

পুরস্কার পাওয়ার পর বারবারই স্মরণ করলেন তার ওস্তাদ, বর্তমান হকির সেনসেশন রাসেল মাহমুদ জিমির বাবা আবদুর রাজ্জাক সোনা মিয়ার কথা। ‘শুরুতে হকিস্টিক, বল কিংবা জার্সি কিছুই ছিল না। ওস্তাদ দু’টি ভাঙা হকিস্টিক দিয়ে বলেছিলেন, জোড়া দিয়ে খেল, কষ্ট কর, তাহলে দেখবি খেলাটির প্রতি ভালোবাসা জন্মেছে। আরমানিটোলা স্কুল দলকে তিনবার চ্যাম্পিয়ন করিয়েছি। এরপর সরাসরি প্রথম বিভাগের ক্লাব পিডব্লিউডিতে খেলার সুযোগ করে দেন ওস্তাদ সোনা মিয়া। মজার বিষয় হলো ওস্তাদের ছেলে জিমির খেলা শুরু আমার হাত ধরেই।’ তিনি যোগ করেন, ‘আমার শিষ্য মডেল ও সাবেক হকি খেলোয়াড় ফয়সাল আহসান উল্লাহ বিপদ আপদে সবসময় এগিয়ে আসে। এ ছাড়া আরো কয়েকজন আছেন খোঁজখবর রাখেন।’

‘ফজলু ওস্তাদের মুখের বুলি, চলো সবাই হকি খেলি’- পুরান ঢাকার পাড়া-মহল্লায় এ স্লোগান সবার জানা। অনটনের মধ্যেই দিন কাটে ফজলুর; কিন্তু শেখাতে তিনি কোনো অর্থও নেন না। উল্টো জার্সি-জুতা কিনে কিংবা সিনিয়দের থেকে নিয়ে গরিব ছেলেমেয়েদের দেন। নিজ হাতে সেলাই করে দেন শিষ্যদের ছেঁড়া ফাড়া কেডস।
ফজলু ১৯৮৪ সালে সুযোগ পান জুনিয়রদের জাতীয় দলে খেলার। লিগে ভিক্টোরিয়া বনাম ঊষার খেলায় ৭ মিনিট আগে চোখের ওপর স্টিকের আঘাত পেলে ১৩টা সেলাই দিতে হয়। এরপর জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেননি। স্বপ্নের অপমৃত্যু ঘটলে দুঃখ ঘোচাতে কোচিংয়ের স্বপ্ন শুরু সেখানেই। নিজের জাতীয় দলে খেলার স্বপ্ন শিষ্যদের দিয়েই পূরণ করেছেন। আশির দশকে যে স্বপ্নের শুরু, সেটি এখনো চলমান। তার অ্যাকাডেমির ছাত্ররাই ঢাকার বিভিন্ন ক্লাবে খেলে থাকেন।

২০১৬ সালে হঠাৎই মস্তিষ্কে রক্তক্ষরণ হয় ফজলুর। তিন দিন কোনো জ্ঞানই ছিল না তার। নতুন জীবন পেয়ে আরো বেশি আগ্রহী হন খেলোয়াড় তৈরিতে। রফিকুল ইসলাম কামাল, রাসেল মাহমুদ জিমি ও তার ভাই রাকিন মাহমুদ, মাকসুদুল আলম হাবুল, নাঈম উদ্দিন, আরশাদ হোসেন, শওকত হোসেন, ইকবাল নাদের প্রিন্স, ফয়সাল, আবদুস সাজ্জাদ জন, মামুন, রাজীব, সুমন, ইমরান, রনি, লিটন সরাসরি ওস্তাদ ফজলুর ছাত্র। সিনিয়রদের মধ্যে- কামাল, ফয়সাল আহসানউল্লাহ, তারেক আদেল, আবেদ, তারা, এহতেশাম, কায়সার ও নাসির। ছাদহকির আবিষ্কার সানাফ। ওস্তাদ জানালেন, ‘আগামীর তারকা হবে সানাফ।’
১৯৬৭ সালে জন্ম নিলেও ২০১০ সালে ৪৩ পেরিয়ে বিয়ে করেন। একবার জীবিকার তাগিদে সৌদি আরব গিয়েছিলেন। সেখানে হকির চর্চা নেই বিধায় ৬ মাস পর চলে এসেছেন।

সর্বশেষ সংবাদ

‘সার্ভিস’ শব্দের বিবর্তন ঘটেছে, কিন্তু কী মানুষের মুক্তি ঘটেছে?

সুফি সাগর সামস্ ভাষা, ক্ষমতা ও মানবমর্যাদা নিয়ে একটি পুনর্বিবেচনা সভ্যতার ইতিহাসে শব্দ কখনো কেবল শব্দ নয়; তারা একটি যুগের সামাজিক...

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্র গ্রহণ, জরুরি সংবাদ সম্মেলন আজ

নিজস্ব প্রতিবেদক ঢাকা, শুক্রবার: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। ইতোমধ্যে তাঁর পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন জাতীয় সংসদের...

মানবমস্তিষ্ক: মহাবিশ্বের ভেতর আরেক মহাবিশ্ব

সুফি সাগর সামস্ মহাবিশ্বের সবচেয়ে বিস্ময়কর সৃষ্টি কি কোনো নক্ষত্র, গ্যালাক্সি বা কৃষ্ণগহ্বর? হয়তো নয়। হয়তো সবচেয়ে বিস্ময়কর কাঠামো হলো মানবমস্তিষ্ক—কারণ এই ক্ষুদ্র জৈবিক অঙ্গই সমগ্র মহাবিশ্বকে...

মুক্তিযুদ্ধের চেতনা হারিয়ে গেলে স্বাধীনতার মূল্যবোধও হারাবে: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা ধরে রাখা না গেলে একসময় স্বাধীনতার প্রকৃত মূল্যবোধও হারিয়ে যাবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ...

এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক ও ঋণখেলাপিরা স্থানীয় নির্বাচনে অংশ নিতে পারবেন না : ইসি

নিজস্ব প্রতিবেদক: স্থানীয় সরকার নির্বাচন আরও স্বচ্ছ, জবাবদিহিমূলক ও সুশৃঙ্খল করতে সংশ্লিষ্ট আইন সংশোধনের লক্ষ্যে একগুচ্ছ প্রস্তাব চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সংশোধনীতে...

জনপ্রিয় সংবাদ