
কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, নারীদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ফ্যামিলি কার্ড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাষ্ট্রের উন্নয়নের সুফল তখনই অর্থবহ হয়, যখন তা সমাজের প্রান্তিক ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে পৌঁছে যায়।
বুধবার কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বাঘৈর ঋষিপাড়া এলাকায় আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের দরিদ্র ও নিম্নআয়ের মানুষের জীবনমান উন্নয়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির কোনো বিকল্প নেই। সরকারের বিভিন্ন সহায়তা কার্যক্রম যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছে, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।
তিনি বলেন, সমাজের পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে মূলধারায় নিয়ে আসতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ডের মাধ্যমে উপকারভোগীরা নিয়মিতভাবে প্রয়োজনীয় সহায়তা পেলে তাদের জীবনযাত্রার মান উন্নত হবে এবং সামাজিক বৈষম্য হ্রাসে তা কার্যকর ভূমিকা রাখবে।
বিশেষ করে নারীদের অর্থনৈতিক ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের কর্মসূচির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, পরিবারভিত্তিক সহায়তা ব্যবস্থার মাধ্যমে সুবিধাবঞ্চিত নারীরা আরও বেশি সুরক্ষা ও সহায়তা পাবেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী, তেঘরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী লাট মিয়া, তেঘরিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খোরশেদ আলম জমিদার, ঢাকা জেলা দক্ষিণ ছাত্রদলের সভাপতি পাভেল মোল্লা, ঢাকা জেলা কৃষক দলের আহ্বায়ক জুয়েল মোল্লা এবং ইউনিয়ন বিএনপির সদস্য সেলিম মোল্লাসহ বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।
অনুষ্ঠান শেষে উপকারভোগীদের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।


