অনলাইন ডেস্ক

সৌদি আরব-এ পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ১৪৪৭ হিজরি সনের রমজান মাস ৩০ দিনেই পূর্ণ হচ্ছে। সে অনুযায়ী, আগামী শুক্রবার দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে।
বুধবার রাতে দেশটির চাঁদ দেখা কমিটির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস। খবরে বলা হয়, শাওয়ালের চাঁদ দৃশ্যমান না হওয়ায় বৃহস্পতিবার রমজানের ৩০তম দিন পূর্ণ হবে এবং শুক্রবার ঈদ উদযাপন করা হবে।
ইসলামিক চান্দ্র বর্ষপঞ্জি অনুযায়ী, রমজান নবম মাস এবং শাওয়াল দশম মাস। শাওয়াল মাসের প্রথম দিনই মুসলিম বিশ্বের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল ফিতর পালিত হয়।
এর আগে বিশ্বের আরও কয়েকটি দেশ ঈদের সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। তুরস্ক সরকার জানিয়েছে, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী শুক্রবার দেশটিতে ঈদ উদযাপিত হবে।
অন্যদিকে সিঙ্গাপুর কর্তৃপক্ষ জানিয়েছে, বৃহস্পতিবার চাঁদ দেখার সম্ভাবনা না থাকায় সেখানে শনিবার ঈদুল ফিতর পালিত হবে।
এছাড়া অস্ট্রেলিয়ান ফতোয়া কাউন্সিল নিশ্চিত করেছে, অস্ট্রেলিয়া জুড়ে আগামী শুক্রবারই ঈদুল ফিতর উদযাপিত হবে।
চাঁদ দেখার ভিন্নতার কারণে বিশ্বের বিভিন্ন দেশে ভিন্ন দিনে ঈদ উদযাপনের এ ধারাবাহিকতা প্রতিবছরই লক্ষ্য করা যায়।


