নাটোর প্রতিনিধি

নাটোরে নির্বাচনের আগে বড় অংকের ব্যাংক লেনদেন নিয়ে ভোট কেনার অভিযোগ তুলেছেন নাটোর-২ (নাটোর সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর শহরের আলাইপুরে তার নির্বাচনী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ অভিযোগ করেন।
বিএনপি প্রার্থী দুলু দাবি করেন, নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখায় ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টে ঢাকা থেকে সন্দেহভাজন একটি অ্যাকাউন্টের মাধ্যমে প্রায় ৪ কোটি টাকা পাঠানো হয়েছে। তিনি বলেন, এর আগে ওই শাখায় এ ধরনের বড় অংকের লেনদেনের নজির নেই। নির্বাচনের ঠিক আগে এমন লেনদেন হওয়ায় তার আশঙ্কা, এই অর্থ ভোট কেনাবেচার কাজে ব্যবহার হতে পারে।
তিনি জানান, বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভোটের আগে এই লেনদেন বন্ধের দাবি জানিয়ে নাটোরের রিটার্নিং অফিসারের কাছে আবেদন করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ। নাটোর ইসলামী ব্যাংকের একজন এভিপি বলেন, ৪ কোটি টাকা তাদের ব্যাংকের জন্য অস্বাভাবিক কোনো অংক নয়। নির্বাচনের সময় ব্যাংক বন্ধ থাকবে, তাই এটিএম বুথে নগদ সরবরাহ নিশ্চিত করতে এই অর্থ আনা হয়েছে বলে তিনি দাবি করেন। এ লেনদেনকে সন্দেহজনক হিসেবে দেখার কোনো কারণ নেই বলেও জানান তিনি।
এদিকে নাটোর সোনালী ব্যাংকের প্রধান শাখার এজিএম উজ্জ্বল কুমার বলেন, অভিযোগ পাওয়ার পর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন বলেন, ইসলামী ব্যাংকের সন্দেহভাজন লেনদেন সংক্রান্ত অভিযোগ তিনি পেয়েছেন। এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক ব্যবস্থাপককে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্বাচনের আগে এ ধরনের অভিযোগকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি হয়েছে।


