কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২ আসনের বিএনপি প্রার্থী আমানউল্লাহ আমান বলেছেন, ব্যালট বিপ্লবের মাধ্যমেই দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের বাস্তা ইউনিয়নের দড়িগাও বটতলি গ্রামে আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমানউল্লাহ আমান বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত রয়েছে। জনগণ এখন আর প্রহসনের নির্বাচন চায় না। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে নিজেদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চায়। বিএনপি জনগণের সেই আকাঙ্ক্ষার প্রতিনিধিত্ব করছে বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, বিএনপির রাজনীতি শুধুমাত্র ক্ষমতা অর্জনের জন্য নয়, বরং জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। জনগণের সমর্থন ও ভালোবাসাই বিএনপির সবচেয়ে বড় শক্তি এবং সেই শক্তির ওপর ভর করেই বিএনপি আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্ব নিতে চায়।
আমানউল্লাহ আমান বলেন, কোনো সংঘাত বা সহিংসতার পথে নয়, বরং ভোটের মাধ্যমেই জনগণ তাদের অধিকার প্রতিষ্ঠা করবে। জনগণের রায়েই বিএনপি রাষ্ট্রক্ষমতায় যেতে চায় এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আরও শক্তিশালী করার পরিকল্পনা রয়েছে।
উঠান বৈঠকে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সাধারণ মানুষের কাছে যেতে হবে, তাদের কথা শুনতে হবে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ধানের শীষ প্রতীকের পক্ষে জনগণের সমর্থন আদায় করতে পারলে বিজয় নিশ্চিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।
এ সময় স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


