কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের করিমগঞ্জে পারিবারিক কলহের জেরে বায়েজিদ (২৩) নামের এক যুবককে খালাতো ভাইয়ের হাতে হত্যার অভিযোগ উঠেছে।
ঘটনা ঘটে মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ নানশ্রী গ্রামের গোলাপদীহাটি এলাকায়। নিহত বায়েজিদ কিশোরগঞ্জ সদর উপজেলার কালিয়ারকান্দা গ্রামের ইব্রাহিমের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে বায়েজিদ তার খালাতো ভাই রাকিবুল হাসানের (২৭) বাড়িতে যান। সেখানে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে রাকিবুল বায়েজিদের গলায় দা দিয়ে আঘাত করেন।
স্থানীয়রা আহত অবস্থায় বায়েজিদকে উদ্ধার করে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরানুল কবির জানান, খালাতো ভাই রাকিবুল হাসানের আঘাতে বায়েজিদ নিহত হয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তিনি আরও জানান, অভিযুক্ত রাকিবুল মাদকাসক্ত।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং অভিযুক্ত রাকিবুল হাসানকে গ্রেফতারের চেষ্টা চলছে।


