অনলাইন ডেস্ক

ঢাকা, রবিবার—দেশে চাকরির ক্ষেত্রে সত্যিকারের লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়েছে কি না, তা আগে পর্যালোচনা করা জরুরি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, ন্যায্য ও সমান সুযোগ নিশ্চিত না হলে নারী ক্ষমতায়ন ও অর্থনৈতিক অগ্রগতি টেকসই হবে না।
রবিবার রাজধানীর খামারবাড়ি কৃষিবিদ ইনস্টিটিউটে ঢাকা ফোরাম আয়োজিত ‘জাতি গঠনে নারী: নীতি, সম্ভাবনা ও বাংলাদেশের ভবিষ্যৎ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আমীর খসরু বলেন, “শুধু রাজনীতিতে নয়, দেশের অর্থনীতিতেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কর্মসংস্থানে নারীদের অংশগ্রহণ বাড়াতে হলে দক্ষতা উন্নয়ন জরুরি। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে নারীদের আর্থিক সহায়তা বাড়ানো দরকার।” তিনি আরও বলেন, নারীদের উৎপাদিত পণ্যে মার্কেটিং, ব্র্যান্ডিং ও ডিজাইন সাপোর্ট দিলে তাদের জীবনমান ও আয় দুটোই উল্লেখযোগ্যভাবে বদলে যাবে।
খেলাধুলায় নারীর অংশগ্রহণ প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, “গ্রামের নারীদের খেলোয়াড় হিসেবে গড়ে তুলতে বিএনপির পরিকল্পনা রয়েছে। নারীদের সম্ভাবনাকে কাজে লাগাতে বিনিয়োগ করা হবে, যাতে তারা সব ক্ষেত্রে অংশ নিতে পারে।”
বিএনপি যে প্রতিশ্রুতি দিচ্ছে, তা দীর্ঘদিনের গবেষণার ফল উল্লেখ করে আমীর খসরু বলেন, সুযোগ পেলে এসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যারিস্টার জাইমা রহমান, সিপিডির পরিচালক ড. ফাহমিদা খাতুন, সমাজকর্মী ও উদ্যোক্তা তামারা আবেদ এবং বার্জার পেইন্টসের ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরীসহ অন্যান্য বিশিষ্টজন। বক্তারা নারী উন্নয়ন ও অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির জন্য নীতি সংস্কার, দক্ষতা উন্নয়ন এবং বেসরকারি খাতের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


