বাসস

ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গত ১৫ জানুয়ারি দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাইন্স ল্যাবরেটরি এলাকা অবরোধ করলে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাসকে বাধা প্রদান করা হয়। এই সময় হামলাকারীদের দ্বারা কয়েকজন শিক্ষার্থী জখম হন। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও পরিবহন ম্যানেজার ঘটনাস্থলে পৌঁছে বাসটিকে নিরাপদে সরিয়ে আনে।
ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার সঙ্গে যোগাযোগ রাখছেন। এছাড়া বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বরাষ্ট্র সচিব বরাবর শিক্ষার্থীদের পরিবহন নিরাপত্তা সংক্রান্ত আনুষ্ঠানিক চিঠি প্রেরণ করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা, শান্তি ও স্বাভাবিক শিক্ষা কার্যক্রম নিশ্চিত করতে সর্বাত্মক পদক্ষেপ গ্রহণ করছে।


