নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে আবু বক্কর ছিদ্দিক (৬৪) নামে এক ব্যক্তিকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে তার আপন ছোট ভাই। ঘটনার পর থেকে অভিযুক্ত হারুনুর রশীদ (৫০) পলাতক রয়েছে।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের তুলাচারা গ্রামের হাজী ছেলামত উল্যার বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
নিহতের ছেলে আবদুল্লাহ আল ফয়সাল অভিযোগ করে বলেন, তার বাবা ও চাচারা আট ভাই। দীর্ঘদিন ধরে বাড়ির পাশে একটি জমিতে তার বাবা ধান চাষ করে আসছিলেন। সম্প্রতি ছোট চাচা হারুনুর রশীদ ওই জমিতে জোরপূর্বক চাষাবাদ করার হুমকি দেন। এ নিয়ে মঙ্গলবার সকালে বাড়ির সামনের গেটে দুই ভাইয়ের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হারুনুর রশীদ দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তার বাবাকে গুরুতর আহত করেন।
বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিহতের ময়নাতদন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। লিখিত অভিযোগ পেলে অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।


