অনলাইন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিলেও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন না বলে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি বলেছেন, জুলাই আন্দোলনকারী, আহত ও শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হচ্ছে আসন্ন নির্বাচন, আর সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যেই তিনি এনসিপিতে যোগ দিয়েছেন।
সোমবার সন্ধ্যায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ। তিনি বলেন, “এই নির্বাচনে দুই ব্যালটে ভোট হবে এবং সরকার থাকবে পাঁচ বছরের জন্য। গণভোটে ‘হ্যাঁ’ ভোট জয়যুক্ত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো, যাতে বাংলাদেশ এগিয়ে যেতে পারে।”
তিনি আরও স্পষ্ট করেন, আসন্ন নির্বাচনে তিনি নিজে প্রার্থী হিসেবে অংশগ্রহণ করবেন না।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম জানান, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে দলের মুখপাত্র হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি তিনি নির্বাচনে অংশগ্রহণ না করলেও প্রার্থীদের জন্য নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে কাজ করবেন।
নাহিদ ইসলাম আরও বলেন, আসন সমঝোতা প্রক্রিয়া এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ৪৭টি আসনে এনসিপি প্রার্থীর মনোনয়ন দেওয়া হয়েছে। সম্ভাব্য বাতিলের কথা বিবেচনায় নিয়ে কিছুটা বেশি সংখ্যক আসনে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
সংবাদ সম্মেলনে নেতারা বলেন, এনসিপি গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করা এবং গণভোটে জনগণের সমর্থন আদায়ের লক্ষ্যে সাংগঠনিকভাবে মাঠে সক্রিয় থাকবে।


