অনলাইন প্রতিবেদক

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তিনি এই মুহূর্তে কোন বাংলাদেশে আছেন তা বুঝতে পারছেন না। আজ যে বাংলাদেশ তিনি দেখছেন, এমন বাংলাদেশের স্বপ্ন তিনি কখনো দেখেননি বলে মন্তব্য করেছেন তিনি। আজ সোমবার রাজধানীতে ‘মব ভায়োলেন্সে আক্রান্ত বাংলাদেশ’ শিরোনামে আয়োজিত এক যৌথ প্রতিবাদ সভায় এসব কথা বলেন তিনি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত এই প্রতিবাদ সভার আয়োজন করে নিউজপেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব) ও সম্পাদক পরিষদ।
মির্জা ফখরুল বলেন, তিনি সারাজীবন সংগ্রাম করেছেন একটি স্বাধীন, সার্বভৌম ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য। কিন্তু বর্তমানে দেশে যে পরিস্থিতি বিরাজ করছে, তা সেই স্বপ্নের সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, আজ আঘাত এসেছে কেবল কোনো নির্দিষ্ট সংবাদমাধ্যমের ওপর নয়, বরং সরাসরি গণতন্ত্রের ওপর। স্বাধীনভাবে চিন্তা করার অধিকার, মত প্রকাশের অধিকার ক্ষুণ্ন হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই যুদ্ধ ছিল এ দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার প্রতীক। কিন্তু আজ সেই জুলাই যুদ্ধের চেতনার ওপরও আঘাত এসেছে। এই পরিস্থিতিকে অত্যন্ত ভয়াবহ উল্লেখ করে তিনি বলেন, এখানে বেশি কথা বলার কিছু নেই—বাস্তবতা অত্যন্ত পরিষ্কার।
গণতন্ত্র রক্ষায় রাজনৈতিক দল বা সংগঠনের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বিএনপির মহাসচিব বলেন, এখন শুধু সচেতন থাকলেই চলবে না, রুখে দাঁড়াতে হবে। যারা অন্ধকার থেকে আলোতে আসতে চান এবং বাংলাদেশকে সত্যিকার অর্থে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে দেখতে চান, তাদের সবাইকে এক হতে হবে।
তিনি বলেন, শুধু প্রতিবাদ সভা বা মানববন্ধনে সীমাবদ্ধ না থেকে সর্বক্ষেত্রে সর্বশক্তি নিয়ে ঐক্যবদ্ধভাবে অপশক্তিকে প্রতিরোধ করতে হবে। বাংলাদেশকে ভালোবাসেন—এমন সব মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।


