নিজস্ব প্রতিবেদক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে যে মবোক্রেসির প্রবণতা দেখা যাচ্ছে, তা সরকারের দুর্বলতারই বহিঃপ্রকাশ। তিনি বলেন, “মবোক্রেসি কেন হচ্ছে? এগুলো কেন হলো? আসলে এগুলো সরকারের দুর্বলতা। এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে আমরা মবোক্রেসি দেখতে চাই না।”
রবিবার রাজধানীর বনানীতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, সাংবাদিকদের ব্যক্তিগতভাবে ভিন্ন ভিন্ন আদর্শে বিশ্বাস থাকতে পারে, তবে দেশের প্রশ্নে সবাইকে নিরপেক্ষ অবস্থান নয়, বরং দেশের পক্ষে অবস্থান নেওয়ার আহ্বান জানান তিনি। তিনি বলেন, “দেশের স্বার্থে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তন প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, তারেক রহমানের দেশে ফেরার মাধ্যমে গণতন্ত্রের ভিত্তি আরও শক্তিশালী হবে বলে তিনি বিশ্বাস করেন। এ ক্ষেত্রে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করেন বিএনপির এই নেতা।
তিনি আরও বলেন, বিএনপি গণতন্ত্রকে শক্তিশালী করতে চায় এবং এ লক্ষ্যে সবার সহযোগিতা প্রয়োজন। “আমরা কোনো ব্যক্তি বা দলের জন্য সহযোগিতা চাই না, চাই গণতন্ত্রের জন্য সহযোগিতা,”—বলেন তিনি।
অতীত প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, বিএনপি অতীতের ভুলগুলো ভুলে যেতে চায়, তবে ফ্যাসিবাদী শাসনামলের দুঃসহ অভিজ্ঞতা স্মরণে রাখতে চায়, যাতে ভবিষ্যতে দেশ আবার সেই পথে না ফিরে যায়।
মতবিনিময় সভায় গণমাধ্যমের স্বাধীনতা, গণতন্ত্র পুনরুদ্ধার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।


