অনলাইন ডেস্ক

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর-উত্তম খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, মুক্তিবাহিনীর ডেপুটি চিফ অব স্টাফ, স্বাধীন বাংলাদেশের প্রথম বিমান বাহিনী প্রধান এবং সাবেক মন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকারের (এ কে খন্দকার) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার এক শোকবার্তায় বিএনপি মহাসচিব বলেন, এ কে খন্দকারের মৃত্যুতে তিনি গভীরভাবে ব্যথিত ও মর্মাহত। শোকাহত পরিবার-পরিজনের মতো তিনিও এই শোকের ভার বহন করছেন বলে উল্লেখ করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, মুক্তিযুদ্ধকালীন সময়ে ডেপুটি চিফ অব স্টাফ হিসেবে এ কে খন্দকার বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে গুরুত্বপূর্ণ ও সাহসী ভূমিকা পালন করেন। তার বীরত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি ‘বীর উত্তম’ খেতাবে ভূষিত হন এবং ২০১১ সালে স্বাধীনতা পদক লাভ করেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে তার অসামান্য অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
তিনি আরও বলেন, দেশের প্রতি এ কে খন্দকারের গভীর মমত্ববোধ এবং স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার নিরবচ্ছিন্ন ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।
শোকবার্তায় বিএনপি মহাসচিব মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান।
উল্লেখ্য, শনিবার সকাল সাড়ে ১০টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এয়ার ভাইস মার্শাল (অব.) আবদুল করিম খন্দকার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৫ বছর।


