অনলাইন ডেস্ক

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের বেঙ্গালুরুতে পৌঁছাবে ২৮ জানুয়ারি। সেখানে তারা নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এই তথ্য বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিসিবি অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
বিশ্বকাপের উদ্বোধনী দিনেই বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে। গ্রুপ পর্বে টাইগারদের ম্যাচ রয়েছে—৯ ফেব্রুয়ারি ইতালি, ১৪ ফেব্রুয়ারি ইংল্যান্ড এবং ১৭ ফেব্রুয়ারি নেপালের বিরুদ্ধে। উল্লেখ্য, এই আসরের প্রথম ম্যাচ হবে ৭ ফেব্রুয়ারি পাকিস্তান ও নেদারল্যান্ডসের মধ্যে।
বাংলাদেশ দল টুর্নামেন্ট শুরুর এক সপ্তাহেরও বেশি সময় আগে ভারতে পৌঁছাবে। সেখানে কয়েকদিন বিশ্রাম ও প্রস্তুতির পর ২ ও ৪ ফেব্রুয়ারি নামিবিয়া ও আফগানিস্তানের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এই সূচি এখনও চূড়ান্ত হয়নি।
ক্রিকেট অপারেশন্সের সদস্য শাহরিয়ার নাফীস জানিয়েছেন, বিপিএলের সময় জাতীয় দলের গুরুত্বপূর্ণ বোলারদের ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য একজন ফিজিও সবসময় উপস্থিত থাকবেন। কারো ওয়ার্কলোড বেশি হলে, সংশ্লিষ্ট ফ্র্যাঞ্চাইজিকে জানিয়ে খেলোয়াড়কে বিশ্রাম দেওয়ার ব্যবস্থা করা হবে।
বিশ্বকাপের আগে ক্রিকেটারদের ব্যস্ত সূচি রয়েছে। প্রায় এক মাসব্যাপী চলা বিপিএলকে তারা এখন প্রস্তুতির বড় মঞ্চ হিসেবে ব্যবহার করবে। এছাড়া বিশ্বকাপে যাওয়ার আগে দেশে দুই থেকে তিন দিনের একটি সংক্ষিপ্ত প্রস্তুতি ক্যাম্পেরও পরিকল্পনা রয়েছে।


