গাজীপুর প্রতিনিধি

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুরে “দ্য ফিউচার অব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) ইন একাডেমিয়া: ডিসরাপশনস, ডাইলেমা অ্যান্ড নিউ ডিরেকশনস” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।
উপাচার্য ড. জয়নাল আবেদীন বক্তব্যে বলেন, “আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন একাডেমিক ক্ষেত্রে সক্রিয় ও প্রভাবশালী টুলস্। এটি পাঠদান, গবেষণা, মূল্যায়ন এবং জ্ঞান সৃষ্টির কাঠামোতে নতুন রূপান্তর এনেছে। প্রযুক্তিগত অগ্রগতির পাশাপাশি আমাদের মানবিক বোধ ও একাডেমিক স্বচ্ছতা সংরক্ষণ করা অত্যন্ত জরুরি।”
তিনি আরও বলেন, “চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং পঞ্চম শিল্পবিপ্লবের প্রস্তুতির জন্য বিশ্ববিদ্যালয় পর্যায়ে এআই ও জেনারেটিভ এআই লিটারেসি, প্রশিক্ষণ এবং আন্তঃবিভাগীয় গবেষণা উদ্যোগ জোরদার করা হলে প্রযুক্তি উচ্চশিক্ষার গুণগত মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
সেমিনারে সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মো. ওবায়দুর রহমান। শুভেচ্ছা বক্তব্য প্রদান ও র্যাপোটিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. শফিকুল ইসলাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক।
এছাড়াও, বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, ইনস্টিটিউট ও সেন্টারের পরিচালকবৃন্দ, আইকিউএসি এবং গবেষণা ও সম্প্রসারণ দপ্তরের পরিচালক ও অতিরিক্ত পরিচালকবৃন্দ এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট থেকে মনোনীত শিক্ষকগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


