অনলাইন ডেস্ক

ঢাকা, ১৭ ডিসেম্বর – বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ বুধবার যুক্তরাজ্যের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের পথে যাত্রা করেন।
জামায়াতে ইসলামীর পক্ষ থেকে জানানো হয়েছে, যুক্তরাজ্য সরকারের একটি প্রতিনিধিদলের সঙ্গে পূর্বনির্ধারিত বৈঠক ও কর্মসূচিতে অংশ নেওয়াই তার এই লন্ডন সফরের মূল উদ্দেশ্য।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের গণমাধ্যমকে জানিয়েছেন, ব্রিটিশ সরকারের সঙ্গে নির্ধারিত বৈঠকের কারণে বুধবার সকালে লন্ডনের উদ্দেশ্যে রওনা হয়েছেন ডা. শফিকুর রহমান।
লন্ডনে নির্ধারিত কর্মসূচি শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরবে গিয়ে পবিত্র ওমরাহ পালন করবেন বলে জানিয়েছে জামায়াত। সবকিছু ঠিক থাকলে আগামী ২১ ডিসেম্বর তিনি দেশে ফিরে আসবেন।


