শাবিপ্রবি প্রতিনিধি

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে মহান বিজয় দিবস। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিনব্যাপী নানান কর্মসূচীর মাধ্যমে উদযাপন করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষার্থী সমাজ।
সকালে পৌনে ৮টায় প্রশাসনিক ভবন-১ এর সামনে জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় দিবসের আনুষ্ঠানিকতা। এর পর কেন্দ্রীয় শহীদ মিনারে বিশ্ববিদ্যালয় প্রশাসন পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বিভিন্ন অনুষদ, বিভাগ, শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
সকালে ৯টায় ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ইসমাইল হোসেনের নেতৃত্বে ক্যাম্পাসে বিজয় শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি প্রশাসনিক ভবন-১ থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শিক্ষাভবনের সামনে শেষ হয়।
সকালে ১০টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে “বিজয় দিবস” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। একই সময়ে নতুন সামাজিক বিজ্ঞান ভবনে চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়। বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ কর্মসূচির মাধ্যমে দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা শিক্ষার্থীদের মধ্যে প্রচার ও উৎসাহিত করার লক্ষ্য জানিয়েছেন।


