বাসস

লন্ডন, ১৫ ডিসেম্বর: বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ লন্ডনে তার শেষ দলীয় কর্মসূচিতে অংশ নেবেন। মহান বিজয় দিবস উপলক্ষ্যে যুক্তরাজ্যে অবস্থানরত দলীয় নেতাকর্মীদের সঙ্গে মঙ্গলবার বিকাল ৫টায় সিটি প্যাভিলিয়নে অনুষ্ঠিত আনুষ্ঠানিক অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন।
দেশে ফেরার আগে এটাই তার লন্ডনের শেষ কর্মসূচি। এ সময় তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখবেন। লন্ডনের স্থানীয় নেতারা জানান, অনুষ্ঠানের মধ্য দিয়ে তিনি আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যে অবস্থানরত দলের নেতাকর্মীদের সঙ্গে বিদায় নেবেন। সময়ের সীমাবদ্ধতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো আয়োজন করা হয়নি।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে এই সম্ভাব্য শেষ জনসভায় অংশ নিতে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। অনুষ্ঠান সফল করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক। সভা পরিচালনা করবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
এছাড়া আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরে যাওয়ার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন।


