অনলাইন ডেস্ক

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএলের নিলাম আবারও ভারতের বাইরে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বসবে আইপিএল ২০২৬ আসরের মিনি নিলাম।
এবারের নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজি মোট ৭৭ জন ক্রিকেটার দলে ভেড়ানোর সুযোগ পাবে। এর মধ্যে বিদেশি ক্রিকেটারদের জন্য খালি রয়েছে ৩১টি স্লট। ফলে বড় তারকাদের পাশাপাশি কম পরিচিত কিন্তু সাম্প্রতিক পারফরম্যান্সে আলোচনায় আসা কয়েকজন বিদেশি ক্রিকেটারের দিকেও থাকবে দলগুলোর বিশেষ নজর।
সেদিকউল্লাহ অটল (আফগানিস্তান)
আফগানিস্তানের তরুণ ওপেনার সেদিকউল্লাহ অটল এবারের নিলামে চমক হতে পারেন। তার ভিত্তিমূল্য ৭৫ লাখ ভারতীয় রুপি। গত বছর ইমার্জিং এশিয়া কাপে ১৪৭.৭৯ স্ট্রাইকরেটে ৩৬৮ রান করে আলোচনায় আসেন তিনি, যেখানে অন্য কোনো ব্যাটার ২০০ রানও করতে পারেননি। চলতি বছরে এখন পর্যন্ত ৩৫টি টি-টোয়েন্টিতে ১৪১.৫৬ স্ট্রাইকরেট ও ৩১.৭৮ গড়ে করেছেন ১০৪৯ রান। আইপিএলে অভিষেক হলেও নিয়মিত সুযোগ না পেলেও আইএল টি-টোয়েন্টিতে দুবাই ক্যাপিটালসের হয়ে পারফরম্যান্সে নজর কেড়েছেন ২৪ বছর বয়সী এই ব্যাটার।
টিম রবিনসন (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের ২৩ বছর বয়সী ব্যাটার টিম রবিনসনের ভিত্তিমূল্যও ৭৫ লাখ রুপি। গত অক্টোবরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে ৬৬ বলে অপরাজিত ১০৬ রান করে তিনি আলোচনায় আসেন। রাচিন রবীন্দ্রর সঙ্গে তার জুটিতে ঘুরে দাঁড়ায় কিউইরা। এখন পর্যন্ত ২৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ১৩৮.৮১ স্ট্রাইকরেট ও ৩১.৭৬ গড়ে ৫৪০ রান করেছেন রবিনসন, যা তাকে আইপিএলের জন্য আকর্ষণীয় করে তুলেছে।
জ্যাক ফকস (নিউজিল্যান্ড)
নিউজিল্যান্ডের আরেক সম্ভাবনাময় নাম তরুণ পেসার জ্যাক ফকস। সুপার স্ম্যাশের ২০২২–২৩ মৌসুমে ৭.৩৬ ইকোনমিতে সর্বোচ্চ ১২ উইকেট নেন তিনি। পরের মৌসুমে উইকেট নেন ১৪টি, পাশাপাশি ব্যাট হাতেও খেলেন ১৫০ স্ট্রাইকরেটে। এসব পারফরম্যান্সের সুবাদে ২০২৪ সালে আন্তর্জাতিক অভিষেক হয় তার। এখন পর্যন্ত ১৭টি টি-টোয়েন্টিতে ১৮ উইকেট নেওয়া এই পেসার আইপিএলে চমক দেখাতে পারেন।
ত্রিস্তান লুস (দক্ষিণ আফ্রিকা)
দক্ষিণ আফ্রিকার ২০ বছর বয়সী পেসার ত্রিস্তান লুসের নামও আলোচনায় রয়েছে। সাবেক কিংবদন্তি ডেল স্টেইনের বোলিং স্টাইল অনুসরণ করা এই তরুণ ২০২৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ৫ ম্যাচে ৭ উইকেট নেন। এমআই কেপটাউন ও এমআই নিউইয়র্কের হয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। আইপিএলে তার ভিত্তিমূল্য ৩০ লাখ রুপি।
আরব গুল (আফগানিস্তান)
স্পিন আক্রমণে আফগানিস্তানের আরেক প্রতিভা লেগস্পিনার আরব গুল। নিজ দেশের লিগে ১৫ ম্যাচে ২১.৪৯ গড়ে নিয়েছেন ৫৭ উইকেট। ১৯ বছর বয়সী এই স্পিনারকে আফগানিস্তানের ভবিষ্যৎ তারকা হিসেবেই দেখা হচ্ছে। রশিদ খানের মতো বোলিং অ্যাকশন এবং বৈচিত্র্য তাকে আলাদা করে তুলেছে। চলমান আইএল টি-টোয়েন্টিতে এমআই এমিরেটসের হয়ে খেলছেন তিনি। আইপিএল মিনি নিলামে তার ভিত্তিমূল্য ৪০ লাখ রুপি।
সব মিলিয়ে, আইপিএল ২০২৬ মিনি নিলামে বড় নামের পাশাপাশি এসব কম পরিচিত কিন্তু সম্ভাবনাময় বিদেশি ক্রিকেটারদের ঘিরেই তৈরি হতে পারে নতুন উত্তেজনা। দলগুলোর কৌশলী বিনিয়োগ ভবিষ্যতের আইপিএল তারকা তুলে আনতে পারে—এমন প্রত্যাশাই করছেন ক্রিকেটবিশ্লেষকরা।


