অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিও বার্তার মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচন করার ইচ্ছা জানান।
ভিডিও বার্তায় আসিফ মাহমুদ বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশের ভবিষ্যৎ নির্ধারণের ‘একটি বিরল সুযোগ’ সামনে এসেছে। তিনি বলেন, “নতুন বাংলাদেশ বিনির্মাণের স্বপ্ন বাস্তবায়ন কঠিন হলেও অসম্ভব নয়। যুগ যুগ ধরে চলে আসা বিভাজনের রাজনীতি নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য জনকল্যাণমুখী রাষ্ট্রব্যবস্থা এবং নতুন সামাজিক, রাজনৈতিক ও জিওপলিটিক্যাল বন্দোবস্তের বাস্তবায়ন জরুরি।”
নিজের সিদ্ধান্তের পেছনে বিভিন্ন শহীদ ও নাগরিক আন্দোলনের আত্মত্যাগের কথা উল্লেখ করে আসিফ আরও বলেন, “এই লড়াই সহজ নয়। তবে মতিউর রহমান, তারামন বিবি, নূর হোসেন, ফেলানি, আবরার ফাহাদ, আবু সাইদ ও মুগ্ধদের আত্মত্যাগ আমাকে প্রেরণা দেয়। তাদের অনুপ্রেরণায় পুনর্গঠন ও নতুন রাষ্ট্র বিনির্মাণের লড়াই চালিয়ে যেতে চাই।”
তিনি জানান, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট এবং কামাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা–১০ সংসদীয় আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন।
আসন্ন নির্বাচনে ঢাকা–১০ আসন রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা হিসেবে বিবেচিত। নতুন সামাজিক ও রাজনৈতিক ধারা প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে আসিফ মাহমুদের প্রার্থীতা স্থানীয় ভোটারদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।


