অনলাইন ডেস্ক

ঢাকা: ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী ফয়সাল রুবেল আহমেদের বিরুদ্ধে আবারও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার মামলার তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের এসআই মো. রুকনুজ্জামান।
এর আগে গত ২১ জানুয়ারি দক্ষিণ কেরানীগঞ্জের আটি নয়াবাজার এলাকা থেকে ফয়সাল রুবেলকে গ্রেপ্তার করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। পরদিন আদালত তার ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে বুধবার তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা সিআইডির ঢাকা মহানগর পূর্ব জোনের সহকারী পুলিশ সুপার আবদুর কাদির ভূঁঞা পুনরায় সাত দিনের রিমান্ড আবেদন করেন।
রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া শরীফ ওসমান বিন হাদি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর বিজয়নগর এলাকায় গণসংযোগে গেলে চলন্ত মোটরসাইকেল থেকে গুলি করে তাকে গুরুতর আহত করা হয়।
আহত অবস্থায় হাদিকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয়। পরে তাকে বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হলে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ১৮ ডিসেম্বর তার মৃত্যু হয়।
হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৪ ডিসেম্বর ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের বাদী হয়ে হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। পরে মামলাটিতে হত্যা (৩০২) ধারা যুক্ত করা হয়। তদন্ত শেষে গোয়েন্দা পুলিশ (ডিবি) গত ৬ জানুয়ারি ১৭ জনকে আসামি করে অভিযোগপত্র দাখিল করে।
তবে অভিযোগপত্রে অসন্তোষ প্রকাশ করে বাদী আবদুল্লাহ আল জাবের নারাজি দাখিল করলে আদালত মামলার পুনঃতদন্তের দায়িত্ব সিআইডিকে প্রদান করেন। বর্তমানে মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।


