কর্পোরেট সংবাদ ডেস্ক

এনসিসি ব্যাংক পরিবেশবান্ধব অর্থায়ন ও টেকসই ব্যাংকিংয়ে প্রতিশ্রুতি রক্ষায় অত্যাধুনিক অটোমেটেড ইএসআরএম (Environmental and Social Risk Management) সিস্টেম চালু করেছে। নতুন প্রযুক্তিনির্ভর এই প্ল্যাটফর্মটি ব্যাংকের ঋণদান প্রক্রিয়ায় দ্রুততা, স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করে পরিবেশগত ও সামাজিক ঝুঁকি নির্ণয়ে সহায়তা করবে।
স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, “স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেমের প্রবর্তন আমাদের মূল ব্যবসায়িক কার্যক্রমে টেকসই উন্নয়নকে অন্তর্ভুক্ত করার কৌশলগত অগ্রাধিকারকে প্রতিফলিত করে। এটি ঝুঁকি ব্যবস্থাপনাকে আরও শক্তিশালী করবে এবং ঋণ অর্থায়নের সিদ্ধান্তে পরিবেশ ও সামাজিক বিষয়গুলোকে পদ্ধতিগতভাবে বিবেচনা নিশ্চিত করবে।”
ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন বলেন, “পরিবেশবান্ধব টেকসই ব্যাংকিং আর ঐচ্ছিক বিষয় নয়—এটি একটি নৈতিক দায়িত্ব। স্বয়ংক্রিয় ইএসআরএম সিস্টেম আমাদের ঋণ পোর্টফোলিওতে ঝুঁকি ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এটি আমাদের গ্রীণ পোর্টফোলিও প্রবৃদ্ধিকে আরও গতিশীল করবে এবং আন্তর্জাতিক স্বীকৃতি ও নিয়ন্ত্রক সংস্থার প্রত্যাশা পূরণ করবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ জাকির আনাম, মোহাম্মদ মিজানুর রহমান, মোঃ হাবিবুর রহমান, ইভিপি ও হেড অব সাসটেইনেবল অ্যান্ড উইমেনস ব্যাংকিং নিঘাত মমতাজ, এসভিপি ও আইসিটি বিভাগের প্রধান মোঃ সাজ্জাদুল ইসলামসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এনসিসি ব্যাংকের এই উদ্যোগ দেশীয় ও আন্তর্জাতিক নিয়ন্ত্রক সংস্থার চাহিদা পূরণ করবে এবং ঋণগ্রহীতাদের পরিবেশ ও সামাজিক সুশাসন মেনে চলতে উৎসাহিত করবে।


