অনলাইন ডেস্ক

বরিশাল, ৪ ফেব্রুয়ারি – বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে অনুষ্ঠিত নির্বাচনি জনসভায় বলেছেন, স্বৈরাচারের মতোই দেশে কিছু “গুপ্ত” দল নতুন জালিমে পরিণত হয়েছে। তিনি সতর্ক করেছেন, এই দল ও তাদের নেতা-মেম্বারদের কাছে দেশের মা-বোনরা নিরাপদ নয় এবং জনগণের প্রতি তাদের আচরণ অসম্মানজনক।
তিনি বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহি সরকার। কিন্তু ৫ আগস্টের পর আমরা দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুণী ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো, সেই রীতি এখনও বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত এবং এই গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভূত হয়েছে।”
তারেক রহমান আরও বলেন, “এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যারা মা-বোনদের সম্মান দেখায় না, তাদের থেকে জনগণ আশা করতে পারে না আত্মসম্মানসূচক আচরণ। মানুষের মর্যাদা তাদের কাছে নেই।”
তিনি কুমিল্লার একজন গুপ্ত নেতা উদাহরণ দিয়ে বলেন, “১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। এরা জনগণকে তুচ্ছতাচ্ছিল্য করছে এবং তাদের মানসিকতা প্রমাণ করছে, এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্যে দুর্বিষহ জীবন নেমে আসবে।”
তারেক রহমান উল্লেখ করেন, “স্বৈরাচার সরকারের সঙ্গে এই দল প্রতিবারই একসঙ্গে ছিল। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছরে তাদের সঙ্গে ছিল।”
বরিশালের নদী-ভাঙন, বেড়িবাঁধ নির্মাণসহ গুরুত্বপূর্ণ সমস্যাগুলো তুলে ধরে তিনি বলেন, “যে সমস্ত কাজ বিএনপির আমলে শুরু হয়েছিল, তা শেষ করা যায়নি। বিএনপি জয়ী হলে এসব সমস্যার সমাধান করা হবে।”
তিনি আরও বলেন, “নারীদের ঘরে বন্দী রেখে দেশকে এগিয়ে নেওয়া যাবে না। নারী-পুরুষ একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। তা না হলে প্রত্যাশিত দেশ গড়ে তোলা সম্ভব নয়।”


