ঠাকুরগাঁও প্রতিনিধি

স্বাধীন বাংলাদেশে জামায়াতে ইসলামীকে সমর্থন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও ঠাকুরগাঁও-১ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও-১ আসনের বড়গাঁও আলিম মাদ্রাসা এলাকায় এক নির্বাচনি সভায় তিনি এ মন্তব্য করেন।
সভায় মির্জা ফখরুল বলেন, স্বাধীন দেশে বিশ্বাস ও নৈতিকতার প্রশ্নে জামায়াতকে সমর্থন করা যায় না। তিনি বলেন, যে দল দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিশ্বাস করে না, তারা দেশের উন্নয়ন করতে পারবে না। তিনি আরও বলেন, জামায়াত স্বাধীনতার প্রশ্নে দেশকে রক্ষা করতে পারবে না বলে বিএনপি তাদের ভোট দেবে না।
তিনি বলেন, আসন্ন ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার একটি বড় সুযোগ। জনগণকে এই সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
জামায়াতের অতীত ভূমিকার সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, দলটি পাকিস্তান আন্দোলনে সমর্থন দেয়নি এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল। তিনি অভিযোগ করেন, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনীকে জামায়াত সমর্থন করেছিল।
সভায় নিজের পারিবারিক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন মির্জা ফখরুল। তিনি বলেন, তার বাবা জামায়াত সম্পর্কে সতর্ক থাকতে বলতেন এবং দলটিকে অবিশ্বাসযোগ্য বলে উল্লেখ করতেন।
নির্বাচনি প্রতিশ্রুতির বিষয়ে তিনি বলেন, নির্বাচিত হলে এলাকায় সারের সংকট দূর করার উদ্যোগ নেওয়া হবে। সভায় উপস্থিত ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।


