বাসস

ঢাকা, ১৬ ডিসেম্বর – মহান বিজয় দিবসে জাতির সূর্যসন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, একাত্তরের স্বাধীনতাবিরোধীরা চায় দেশ বিপাকে পড়ুক। তিনি উল্লেখ করেন, স্বাধীনতা বিরোধীরা ১৯৪৭ সাল থেকে কখনো দেশের শান্তি কামনা করেননি। বর্তমানে নানা কৌশলে তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
জাতীয় স্মৃতিসৌধে শুভেচ্ছা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, সালাহউদ্দিন আহমেদসহ দলের অন্যান্য নেতাকর্মীরা। মির্জা আব্বাস বলেন, গোলাম আযম ও মাওলানা মতিউর রহমান নিজামীকে সূর্যসন্তান আখ্যা দিয়ে জামায়াত মুক্তিযোদ্ধাদের চূড়ান্ত অপমান করেছে।
বিজয় দিবস উপলক্ষে সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, সামনে গুরুত্বপূর্ণ নির্বাচন আসছে। তিনি আশা প্রকাশ করেন, জনগণ এমন একটি দলকে ভোট দিয়ে নির্বাচিত করবে, যারা দেশের প্রত্যাশা পূরণে সক্ষম।
৭১-এর মুক্তিযুদ্ধ ও ২৪-এর গণঅভ্যুত্থানকে একই কাতারে দাঁড় করানোর চেষ্টা প্রসঙ্গে তিনি বলেন, ৭১ এবং ২৪-এর তুলনা সম্ভব নয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আবদুল মঈন খান জানান, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে বলে তার আশা।


