অনলাইন ডেস্ক

দুবাইয়ে চলমান অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। বৃষ্টির কারণে ম্যাচের ওভার কমিয়ে ২৭ ওভারে নামানো হয়েছে।
শুক্রবার দুবাইয়ের দ্য সেভেনস স্টেডিয়ামে নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর টস অনুষ্ঠিত হয়। টস জিতে পাকিস্তান বাংলাদেশকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায়। বৃষ্টিজনিত সময় নষ্ট হওয়ায় কার্টেল ওভারে খেলা হচ্ছে, যেখানে দুই দলই ২৭ ওভারের করে ইনিংস খেলবে।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ যুব দলের সংগ্রহ ৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২৪ রান।
টানা তৃতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে বাংলাদেশ। আগের দুই আসরে ফাইনালে উঠে শিরোপা জিতেছিল টাইগার যুবারা, ফলে এবারও ফাইনালের টিকিট পাওয়ার প্রত্যাশা তাদের।
অন্যদিকে, আট বছর পর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে খেলার লক্ষ্য পাকিস্তানের। সর্বশেষ ২০১৭ সালে ফাইনাল খেলেছিল তারা, যেখানে আফগানিস্তানের কাছে ১৮৫ রানে হেরে রানার্স-আপ হয় পাকিস্তান।
বৃষ্টি বাধা পেরিয়ে শুরু হওয়া এই সেমিফাইনালে দুই দলের জন্যই প্রতিটি ওভার গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ম্যাচের বাকি অংশে ব্যাট-বলের লড়াইয়ে কে এগিয়ে যায়, সেদিকেই তাকিয়ে ক্রিকেটপ্রেমীরা।


