
দিনাজপুর প্রতিনিধি : হবিগঞ্জ থেকে দুই দিন আগে দিনাজপুরে এসে উঠেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) কৃষি প্রকৌশল বিভাগের ১৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী সোয়াদুজ্জামান। সমাবর্তনে অংশ নিতে বুধবার বিকেলে তিনি নীলফামারী থেকে এখনো ক্যাম্পাসে পৌঁছাতে না–পারা বন্ধুকে মুঠোফোনে এ কথা জানান।
সোয়াদুজ্জামান জানান, গত বছর তিনি হবিগঞ্জে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মজীবন শুরু করেছেন। সমাবর্তনকে ঘিরে অনেক দিন ধরেই উচ্ছ্বসিত ছিলেন তিনি। তাই অনুষ্ঠানকে ঘিরে যেন কোনো অসুবিধা না হয়—এ কারণে দুদিন আগেই দিনাজপুরে চলে আসেন। বর্তমানে তিনি শহরের সুইহারি এলাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।
ক্যাম্পাসে বন্ধুদের সঙ্গে আবার দেখা হওয়া, বিশ্ববিদ্যালয় জীবনের স্মৃতি ফিরিয়ে আনা এবং সমাবর্তনের আনন্দ ভাগ করে নেওয়ার অপেক্ষায় আছেন বলে জানান সোয়াদুজ্জামান।


