স্পোর্টস ডেস্ক

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে পাঠানো কারণ দর্শানোর নোটিশের জবাব নির্ধারিত সময়ের মধ্যে না দিলেও পরে লিখিতভাবে উত্তর জমা দিয়েছেন বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র।
গত ১৫ জানুয়ারি সকালে এম নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দেয় বিসিবি। নোটিশে তাকে ১৭ জানুয়ারি সকাল ১১টার মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তিনি কোনো জবাব দেননি। পরে ৪৮ ঘণ্টা অতিবাহিত হওয়ার পর ডিসিপ্লিনারি কমিটির কাছে তিনি নোটিশের জবাবে একটি চিঠি জমা দেন। যদিও ওই চিঠিতে তিনি কী ব্যাখ্যা দিয়েছেন, সে বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
সম্প্রতি জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ‘ভারতীয় দালাল’ বলে মন্তব্য করে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এম নাজমুল ইসলাম। ওই মন্তব্যের জন্য তাকে রিজয়েন্ডার দিতে বলা হলেও তিনি তা করেননি। এর রেশ কাটতে না কাটতেই ক্রিকেটারদের পারিশ্রমিক, সাফল্য এবং বিভিন্ন বিষয় নিয়ে আরও বিতর্কিত মন্তব্য করেন তিনি।
নাজমুলের এসব মন্তব্যের জেরে দেশের শীর্ষ ক্রিকেটাররা সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জনের হুমকি দেন। বিপিএলের ম্যাচ শুরুর আগে তার পদত্যাগ দাবি করা হলেও তিনি সরে দাঁড়াননি। এর ফলস্বরূপ ১৫ জানুয়ারি বিপিএলের একটি ম্যাচ মাঠে গড়ায়নি।
পরিস্থিতি সামাল দিতে বিসিবি এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেয়। বিসিবির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে ক্রিকেটাররা তাদের কঠোর অবস্থান থেকে সরে আসেন। পরে শর্তসাপেক্ষে ক্রিকেটে ফেরেন মোহাম্মদ মিঠুন ও নাজমুল হোসেন শান্তসহ অন্যান্য ক্রিকেটাররা। সেই শর্তের মধ্যে অন্যতম ছিল—এম নাজমুল ইসলামকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
এরপরই বিসিবি আনুষ্ঠানিকভাবে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয়। সময়সীমা পেরিয়ে দেওয়া জবাবের পর এখন বিসিবির ডিসিপ্লিনারি কমিটি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানা গেছে।
সূত্র: ক্রিকফ্রেঞ্জি


