অনলাইন ডেস্ক

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আগেই প্রথম দুই ম্যাচ জিতে শেষ চারে জায়গা নিশ্চিত করা টাইগার যুবারা এবার জয়ে গ্রুপের শীর্ষে থেকে পরের পর্বে পা রাখল। সেমিফাইনালে আজিজুল হাকিম তামিমের দল মুখোমুখি হবে অন্য গ্রুপের রানার্সআপ পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের।
দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ ৪৬ ওভার ৩ বলে সব উইকেট হারিয়ে তোলে ২২৫ রান। ওপেনার জাওয়াদ আবরার ৪৯ রান করে দলের পক্ষে সর্বোচ্চ স্কোর করেন। রিফাত বেগকে সঙ্গে নিয়ে ৮৪ রানের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত শুরু পেলেও মিডল অর্ডারের ব্যর্থতায় বড় সংগ্রহ গড়া হয়নি বাংলাদেশের।
২২৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা শুরুতে ধীমান্ত মাহাভিথানা ও বিরান চামুদিথার জুটিতে ২৬ রান তোলে। বিরান ১২ রান করে আউট হলে জুটি ভাঙে। এরপর দ্রুত তিনটি উইকেট তুলে নিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। স্পিন আক্রমণের সামনে দলীয় ফিফটির আগেই চার উইকেট হারায় লঙ্কান যুবারা।
মিডল অর্ডারে চামিকা হেনাথিগালা ও আদাম হিল্মি লড়াইয়ের চেষ্টা করলেও বড় ইনিংস খেলতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত ৪৯ ওভার ১ বলে ১৮১ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের বোলিংয়ে উজ্জ্বল ছিলেন ইকবাল হোসেন ইমন ও শাহরিয়ার আহমেদ—দুজনেই তিনটি করে উইকেট নেন। এছাড়া সামিউন বশির রাতুল শিকার করেন দুটি উইকেট। এই জয়ে আত্মবিশ্বাস বাড়িয়ে সেমিফাইনালে শক্ত প্রতিপক্ষ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।


