অনলাইন ডেস্ক

বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত বক্তব্যকে কেন্দ্র করে দেশের ক্রিকেট অঙ্গনে সৃষ্ট উত্তেজনা এখনও পুরোপুরি কাটেনি। এই ঘটনার জেরে ইতিহাসে প্রথমবারের মতো স্থগিত হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও পরবর্তীতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে নাজমুল ইসলামের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বিসিবির পরিচালক ইফতেখার রহমান মিঠু জানিয়েছেন, কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যেও এম নাজমুল ইসলামের কোনো জবাব পাওয়া যায়নি। তিনি বলেন, বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী নাজমুল ইসলামকে ৪৮ ঘণ্টার সময় দেওয়া হয়েছে, যা আগামী ১৭ জানুয়ারি দুপুরে শেষ হবে।
ইফতেখার রহমান মিঠু আরও জানান, ইতোমধ্যে নাজমুল ইসলামকে বিসিবির গুরুত্বপূর্ণ পদ অর্থ কমিটির চেয়ারম্যান থেকে অপসারণ করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে শোকজের জবাব না এলে বিষয়টি সরাসরি বিসিবির ডিসিপ্লিনারি কমিটিতে পাঠানো হবে।
এ প্রসঙ্গে তিনি বলেন,
“আমরা গঠনতন্ত্রের বাইরে কিছু করছি না। নিয়ম অনুযায়ী শোকজ দেওয়া হয়েছে। জবাব না দিলে বিষয়টি ডিসিপ্লিনারি কমিটিতে যাবে। এরপর তারা গঠনতন্ত্র অনুযায়ী সিদ্ধান্ত নেবে। আদালতের মামলার মতো হাজির না হলে তার ফল কী হয়, সেটা তো সবাই জানে।”
যদিও সরাসরি কিছু বলেননি, তবে ইফতেখার রহমান মিঠুর বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত মিলেছে—শোকজের জবাব না দিলে বিসিবির পরিচালক পদ থেকেও এম নাজমুল ইসলামের অপসারণের সম্ভাবনা তৈরি হতে পারে।
এদিকে বিসিবির এই সিদ্ধান্তকে কেন্দ্র করে ক্রিকেট অঙ্গনে আলোচনা-সমালোচনা অব্যাহত রয়েছে। শোকজের জবাব ও পরবর্তী সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছে দেশের ক্রিকেট মহল।


