অনলাইন ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রয়োজনীয় সব ভূমিকা পালনের অঙ্গীকার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলের স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান এ কথা জানিয়েছেন।
রবিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচনী অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে এক বিশাল গণসংবর্ধনায় বারবার শান্তির বার্তা দিয়েছেন। সেই ধারাবাহিকতায় একটি শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে বিএনপি দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তিনি জানান, বিএনপির নির্বাচন পরিচালনা কমিটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সক্রিয়ভাবে কাজ করবে। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গঠিত নির্বাচন পরিচালনা কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক সম্পর্কে নজরুল ইসলাম খান বলেন, সভার মূল উদ্দেশ্য ছিল সদস্যদের মধ্যে পারস্পরিক পরিচিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ। কমিটির সদস্যদের মধ্য থেকে নির্দিষ্ট বিষয়ে টিম লিডার নির্ধারণ করা হবে এবং তাদের নেতৃত্বে সংশ্লিষ্ট উপ-কমিটি গঠন করা হবে। আগামী দুই দিনের মধ্যে উপ-কমিটির সদস্যদের নাম প্রস্তাব আকারে জমা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে।
তিনি আরও বলেন, বৈঠকে প্রার্থীদের নির্বাচনী কার্যক্রম পরিচালনা, আইন মেনে প্রচারণা চালানো, ভোটারদের কাছে দলের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা এবং ভোটারদের ভোটকেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
নজরুল ইসলাম খান বলেন, বিএনপি বরাবরই দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়ে এসেছে। কেউ কেউ মনে করেন, নির্বাচন হলেই বিএনপি ক্ষমতায় যাবে—এই ধারণা থেকে দলটি নির্বাচন চায়। তবে বাস্তবতা হলো, গত ১৬ বছর ধরে বিএনপি স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসনের অবসান এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করে এসেছে।
তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদী সরকারের পতন ঘটলেও এখনো প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই গণতন্ত্র পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা পেতে পারে। এ কারণেই বিএনপি বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের কথা বলছে।
তিনি আশা প্রকাশ করেন, দীর্ঘদিন পর বাংলাদেশের জনগণ এবার ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নিজেদের পছন্দের প্রতিনিধি ও সরকার নির্বাচিত করতে পারবে।
উল্লেখ্য, গত ১ জানুয়ারি রাতে বিএনপি ৪১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি গঠন করে। এতে নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান এবং দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে সদস্য সচিব করা হয়। কমিটিতে ভাইস চেয়ারম্যান হিসেবে রয়েছেন সেলিমা রহমান ও শামসুজ্জামান দুদু এবং প্রধান সমন্বয়কের দায়িত্বে রয়েছেন ইসমাইল জবিউল্লাহ। বিভিন্ন স্তরের সিনিয়র নেতৃবৃন্দ এই কমিটিতে অন্তর্ভুক্ত রয়েছেন।


