অনলাইন ডেস্ক

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান বলেছেন, শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি আদর্শকে থামিয়ে দেওয়ার পরিকল্পিত চেষ্টা। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শহীদ ওসমান হাদির দাফন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
উপাচার্য বলেন, “শরিফ ওসমান হাদি শুধু একটি ব্যক্তির নাম নয়, এটি একটি আদর্শের নাম। এই আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে যাবে এবং কোনো হত্যাকাণ্ড দিয়ে একে থামানো যাবে না। এটি ন্যায়, স্বাধীনতা ও আত্মমর্যাদার পক্ষে দাঁড়ানো কণ্ঠকে স্তব্ধ করার চেষ্টা।”
তিনি আরও বলেন, দেশবাসীর মধ্যে সৃষ্টি হওয়া ক্ষোভ ও শোককে ন্যায়বিচারের দাবিতে রূপ দিতে হবে। “সারা দেশের মানুষ এই হত্যার পূর্ণাঙ্গ বিচার দেখতে চায়। যারা এ ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় আনা এবং বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্ত নিষ্পত্তি নিশ্চিত করতে হবে,” বলেন ড. নিয়াজ আহমেদ খান।
ঢাবি ভিসি জানান, সরকারিভাবে তদন্ত ও আইনি প্রক্রিয়া ইতিমধ্যেই এগোচ্ছে এবং কিছু অগ্রগতি দেখা দিয়েছে। তবে তিনি জোর দিয়ে বলেন, শুধুমাত্র গ্রেপ্তারই যথেষ্ট নয়; দৃষ্টান্তমূলক রায় ছাড়া এই হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত হবে না।


