
যুগপৎ আন্দোলনে বিএনপির সহযোগী ২৯টি রাজনৈতিক দল গতকাল বুধবার এক বৈঠকে বসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শরিকদের আসন সমঝোতার বিষয়ে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে। বৈঠকে উপস্থিত একাধিক সূত্র জানিয়েছেন, শরিক দলের নেতারা মনে করছেন—গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রকাঠামোর মৌলিক সংস্কার এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত গড়ার যে অঙ্গীকার বিএনপি আগে ব্যক্ত করেছিল, সাম্প্রতিক সময়ে দলটির অবস্থানে কিছুটা পরিবর্তন দেখা যাচ্ছে।
শরিক দলগুলোর অভিযোগ, নির্বাচনকে সামনে রেখে বিএনপি একক সিদ্ধান্তের পথে ঝুঁকছে এবং রাজনৈতিক মিত্রদের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয় কম দেখা যাচ্ছে। বিশেষ করে একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ ও আসন বণ্টনের প্রশ্নে শরিক দলগুলোর সঙ্গে পর্যাপ্ত আলোচনায় অনীহা লক্ষ্য করা গেছে বলে তাঁদের ধারণা।
বৈঠকে সিদ্ধান্ত হয়েছে—বিষয়টি দ্রুত নিষ্পত্তির জন্য বিএনপির সঙ্গে উচ্চপর্যায়ে বৈঠক জরুরি। এ লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী সাইফুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গেছে, বৈঠক শেষে বুধবার রাতেই তিনি বিএনপির দুজন শীর্ষ নেতার সঙ্গে যোগাযোগ করেন এবং বৃহস্পতিবার অথবা সর্বোচ্চ শুক্রবারের মধ্যে আলোচনায় বসার অনুরোধ জানান।
শরিক দলগুলো আশা করছে, নির্ধারিত সময়ের মধ্যেই বিএনপির সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে এবং নির্বাচন–কেন্দ্রিক আসন সমঝোতা ও রাজনৈতিক সমন্বয়ের বিষয়ে সুস্পষ্ট সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।


