অনলাইন ডেস্ক

মুম্বাই, ১৪ ডিসেম্বর – ক্রিকেট ও ফুটবলের দুই বিশাল তারকা, দুই ভিন্ন ভুবনের কিংবদন্তি এক ফ্রেমে ধরা দিলেন মুম্বাইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রবিবার আয়োজিত বিশেষ অনুষ্ঠানে ভারতের ক্রিকেট কিংবদন্তি শচীন টেন্ডুলকার নিজের আইকনিক ১০ নম্বর ওয়ানডে জার্সি উপহার দেন আর্জেন্টিনার ফুটবল মহাতারকা লিওনেল মেসিকে।
শচীনের দেওয়া স্মারক জার্সি গ্রহণ করে উচ্ছ্বাস প্রকাশ করেন মেসি। পাল্টা সম্মান ও সৌজন্যের নিদর্শন হিসেবে মেসি শচীনকে উপহার দেন একটি বিশ্বকাপের বল। এই উপহার বিনিময় দুই কিংবদন্তির পারস্পরিক শ্রদ্ধা ও বন্ধুত্বের অনন্য উদাহরণ হিসেবে চিহ্নিত হয়েছে।
উপস্থিত দর্শকরা করতালিতে মুখরিত হয়ে ওঠেন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তে ভাইরাল হয় শচীন-মেসির একসঙ্গে তোলা ছবি ও ভিডিও। অনুষ্ঠানে ফুটবল ও ক্রিকেটের ভিন্ন ভুবন থাকলেও দুই তারকার এই সাক্ষাৎ প্রমাণ করে, খেলাধুলার ভাষা সার্বজনীন।
ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এই বিশেষ মুহূর্ত ক্রীড়াজগতে স্মরণীয় হয়ে থাকবে। মাঠের সীমানা পেরিয়ে পারস্পরিক সম্মান ও ভালোবাসার বন্ধন তৈরি হয়েছে, যা ক্রীড়া অনুরাগীদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
সূত্র: এএফপি


