মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী ও জেলা বিএনপির সদস্যসচিব মো. মহিউদ্দিন সোমবার (১৯ জানুয়ারি) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার কালীপুরা বালুর মাঠে দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বলেছেন, দীর্ঘ ১৭ বছর তিনি রাজপথে থেকে আন্দোলন-সংগ্রামে যুক্ত ছিলেন এবং কখনো মানুষের পাশে ছেড়ে যাননি। তিনি বলেন, “নবাগত লোক এসে কত কথাই না বলে, কিন্তু তারা তো রাজপথে ছিল না।”
তিনি আরও অভিযোগ করেন, কয়েক দিন আগে হোসেন্দীতে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনা ঘটেছে এবং এখনও নেতাকর্মীরা হুমকি-ধমকির শিকার হচ্ছেন। মো. মহিউদ্দিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আপনারা আইনগত ব্যবস্থা গ্রহণ করুন, আমরা এখনো বিচার পাইনি।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য ও যুবদল কেন্দ্রীয় কমিটির ঢাকা বিভাগীয় সাবেক সহসভাপতি মুহা. মুজিবুর রহমান, জেলা বিএনপির সদস্য শহীদুল ইসলাম শহীদ, কাজী আবু সুফিয়ান বিপ্লব, গজারিয়া উপজেলা বিএনপির সদস্যসচিব আব্দুর রহমান শফিক, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি আমিনুল ইসলাম জসিম, জেলা যুবদলের সাবেক সদস্যসচিব মু. মাসুদ রানা, মুন্সীগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইদ্রিস মিয়াজী মোহন, উপজেলা যুবদলের আহ্বায়ক ওহিদুজ্জামান ওহিদ ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মহিবুর রহমান রিফাত প্রমুখ।
অনুষ্ঠানে এক হাজার দুস্থ পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় এবং সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।


