অনলাইন ডেস্ক

রাজধানী ঢাকায় শীতের তীব্রতা আরও বেড়েছে। এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। শুক্রবার ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ে রাজধানীর বিভিন্ন এলাকা। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা।
ভোর থেকে সকাল পর্যন্ত রাজধানীর সড়কগুলোতে মাঝারি থেকে ঘন কুয়াশা লক্ষ্য করা যায়। এতে যান চলাচল ধীরগতির হয়ে পড়ে এবং অফিসগামী মানুষ, শিক্ষার্থী ও খেটে খাওয়া মানুষেরা পড়েন চরম ভোগান্তিতে। বিশেষ করে সকালবেলা খোলা জায়গায় বের হওয়া মানুষেরা শীতের তীব্রতায় কষ্ট ভোগ করেন।
আবহাওয়া অধিদপ্তরের শুক্রবার দুপুর ১টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও এ সময় রাজধানীসহ আশপাশের এলাকায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে আরও জানানো হয়েছে, উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় পাঁচ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। কুয়াশাচ্ছন্ন পরিস্থিতি বিরাজ করলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, শুক্রবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সকাল ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ এবং তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে বৃহস্পতিবার রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।
এদিকে আজ শুক্রবার ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ২৩ মিনিটে এবং আগামীকাল শনিবার সূর্যোদয় হবে ভোর ৬টা ৪২ মিনিটে।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, শীত মৌসুমে এ ধরনের কুয়াশাচ্ছন্ন আবহাওয়া আরও কয়েক দিন অব্যাহত থাকতে পারে। এ অবস্থায় বিশেষ করে বয়স্ক, শিশু ও অসুস্থ ব্যক্তিদের বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।


