মাগুরা প্রতিনিধি

মাগুরা সদর উপজেলায় ভূমি অফিস ও সাব-রেজিস্ট্রি অফিসে অগ্নিসংযোগের ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।
অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম জানান, গত ৬ ডিসেম্বর রাতে মাগুরা সদর সাব-রেজিস্ট্রি অফিস ও ভূমি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে সরকারি স্থাপনা এবং গুরুত্বপূর্ণ নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়। ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তা ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে জড়িতদের শনাক্ত করা হয়।
তিনি আরও জানান, শুক্রবার রাতে মাগুরা সদর থানা ও সাইবার ক্রাইম তদন্ত সেলের যৌথ অভিযানে শহরের নিজনান্দুয়ালী এলাকা থেকে রবিন, রায়হান ও হাসিবুল নামে তিনজনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তারা অগ্নিসংযোগের ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে।
অতিরিক্ত পুলিশ সুপার বলেন, প্রাথমিক তদন্তে ঘটনার পেছনে মদদদাতাদের শনাক্ত করা হয়েছে। তাদের আটকের প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই তাদের গ্রেপ্তার করা হবে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


