অনলাইন ডেস্ক

শুক্রবার বিকেলে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় গণসংযোগকালে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যারা ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করতে চায়, জনগণ তাদের প্রতিহত করবে।
পতেঙ্গার ৪১নং ওয়ার্ডের চরবস্তি, বিজয়নগর, ফুলছরি পাড়া, নিজাম মার্কেট ও দক্ষিণপাড়াসহ বিভিন্ন এলাকায় গণসংযোগে অংশ নেন তিনি। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী, সাধারণ জনগণ, নারী ও তরুণদের উপস্থিতিতে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
গণসংযোগ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে আমীর খসরু বলেন, “জনগণ আজ উৎফুল্ল ও আনন্দিত। দীর্ঘ ১৫ বছর পর মানুষ আবার ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তারা সংসদ নির্বাচন করতে পারছে, সরকার নির্বাচনের অধিকার ফিরে পাচ্ছে। নির্বাচিত সরকার জনগণের কাছে জবাবদিহিমূলক হবে—এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
তিনি বলেন, সবচেয়ে বড় আনন্দের বিষয় হলো বাংলাদেশে আবার গণতন্ত্র ফিরে এসেছে। জনগণ তাদের মালিকানা ফিরে পাচ্ছে। গণতান্ত্রিক পরিবেশে মানুষ নির্ভয়ে কথা বলতে পারবে, নির্দ্বিধায় জীবনযাপন করতে পারবে।
বিগত সরকারের সমালোচনা করে আমীর খসরু বলেন, “আগের সরকারের আমলে মানুষ চরম কষ্টের মধ্যে ছিল। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি ছিল, জীবনের নিরাপত্তা ছিল না। মানুষ নাগরিক অধিকার থেকে বঞ্চিত ছিল।”
তিনি আরও বলেন, “মানুষ আশা করছে, নির্বাচিত সরকার এলে আবার স্বাভাবিক জীবন ফিরে আসবে। নাগরিক জীবন ও নাগরিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে। আজ সর্বত্র মানুষের মুখে মুখে সেই আশার কথা শোনা যাচ্ছে।”
এ সময় তিনি সকল ভোটারকে শান্তিপূর্ণভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ভোটের অধিকার রক্ষায় সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে।


