অনলাইন প্রতিবেদক

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে। দলের স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন শুক্রবার সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালের বাইরে সাংবাদিকদের জানান, গত এক মাস ধরে দেশের নেত্রী হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থায় কোনো ধরনের অবনতি ঘটেনি।
ডা. জাহিদ বলেন, “আজকের দিনে বেগম খালেদা জিয়ার একটি ছোট প্রসিডিউর করা হয়েছে, যা তিনি সফলভাবে গ্রহণ করেছেন। বর্তমানে তিনি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) সহ সুষ্ঠু চিকিৎসা ব্যবস্থার আওতায় আছেন।”
তিনি আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এবং পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হচ্ছে যেন চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকে এবং নেত্রী দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডা. জাহিদ বলেন, “উনার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে এবং বর্তমানে অবস্থাটি স্থিতিশীল। কোনো অবনতি ঘটেনি।”
উল্লেখ্য, বেগম খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।


