নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালী, শনিবার – নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সদ্য একনেকে অনুমোদিত ৩৩৪ কোটি টাকার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) ড. কাইয়ুম আরা বেগম।
আজ শনিবার সকালে বিশ্ববিদ্যালয় পরিদর্শনকালে তিনি প্রকল্পের অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এসময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মুহাম্মদ আবু ইউছুফ, সাবেক সচিব মো. ইসমাইল জবিউল্লাহ, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান, বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক হানিফ মুরাদ, এবং বিশ্ববিদ্যালয় শিক্ষক অধ্যাপক আব্দুল কাইয়ুম মাসুদ সহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা।
পরিদর্শনের সময় প্রকল্পের বাস্তবায়ন, অর্থায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত ব্রিফিং দেওয়া হয়। ড. কাইয়ুম আরা বেগম প্রকল্পের কার্যক্রম পর্যালোচনা করে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে প্রয়োজনীয় পরামর্শ ও নির্দেশনা প্রদান করেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের সুযোগ-সুবিধা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার মান ও গবেষণার পরিবেশকে আরও উন্নত করা হবে।


