লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরে বিএনপি নেতার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাকে আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্রের অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, তারাই এ ধরনের সহিংস কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারে।
সোমবার (২২ ডিসেম্বর) আসরের নামাজ শেষে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের সূতারগোপ্তা বাজার জামে মসজিদে আয়োজিত এক মিলাদ মাহফিলে এসব কথা বলেন তিনি।
মিলাদ মাহফিলে আগুনে পুড়ে নিহত শিশু আয়েশা আক্তার বিনতি (৮)-এর আত্মার মাগফিরাত কামনা করা হয়। পাশাপাশি দগ্ধ হয়ে চিকিৎসাধীন বিএনপি নেতা বেলাল হোসেন ও তার বড় মেয়ে সালমা আক্তার স্মৃতি (১৭)-এর দ্রুত সুস্থতা কামনায় দোয়া করা হয়।
মিলাদ শেষে নেতাকর্মীদের উদ্দেশে শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, এই নির্বাচন শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়; এর সঙ্গে দেশের মানুষ, ব্যবসায়ী সমাজ এবং বাংলাদেশের ভবিষ্যৎ জড়িত। কোনো ষড়যন্ত্রের মাধ্যমে যেন নির্বাচন পেছানো না যায়, সে জন্য সবাইকে সতর্ক ও সজাগ থাকতে হবে।
তিনি আরও বলেন, অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বেলাল হোসেনের পরিবারের পাশে দাঁড়ানো বিএনপির নৈতিক দায়িত্ব। তাদের নিয়মিত খোঁজখবর নেওয়া, সহানুভূতি ও সহযোগিতা করা জরুরি। একই সঙ্গে যেন তারা কোনো ধরনের হুমকির মুখে না পড়ে, সে বিষয়েও সবাইকে নজর রাখতে হবে। “আমি আগেও এই পরিবারের পাশে ছিলাম, এখন আছি এবং ভবিষ্যতেও থাকব,” বলেন তিনি।
অনুষ্ঠানে জেলা বিএনপি নেতা আবুল হাশেম, সদর (পূর্ব) বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ এমরান, লক্ষ্মীপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মাহবুবুর রহমান লিটন, জেলা যুবদলের সভাপতি আব্দুল আলিম হুমায়ুনসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শুক্রবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে। এতে তার ছোট মেয়ে আয়েশা আক্তার বিনতি ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় বেলাল হোসেন এবং তার দুই মেয়ে সালমা আক্তার স্মৃতি ও সামিয়া আক্তার বিথি (১৪) দগ্ধ হন। গুরুতর দগ্ধ অবস্থায় স্মৃতি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। বেলাল হোসেন লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন এবং চিকিৎসা শেষে বিথি বর্তমানে পরিবারের কাছে রয়েছে।


