বরগুনা প্রতিনিধি

বরগুনা, বেতাগী, ২২ জানুয়ারি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার বন্ধ এবং তাদের সুরক্ষা নিশ্চিত করার দাবিতে বেতাগীতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহ. সাদ্দাম হোসেনের নিকট স্থানীয় যুব সংগঠন গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটি এবং জাতীয় শিশু সংগঠন ন্যাশনাল চিলড্রেন টাস্কফোর্স (এনসিটিএফ) এর পক্ষ থেকে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়।
স্মারকলিপিটি গ্রহণ করে ইউএনও তাৎক্ষণিকভাবে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে প্রেরণ করেন, যাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়।
গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির ডিরেক্টর ও এনসিটিএফ বেতাগী শাখার সভাপতি মো. আরিফুর ইসলাম মান্না নেতৃত্বে স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর বেতাগী উপজেলা সভাপতি সাইদুল ইসলাম মন্টু, এনসিটিএফ সাধারণ সম্পাদক তকওয়া তারিন নূপুর, গ্রিন পিস ইয়ুথ ডেভেলপমেন্ট সোসাইটির সদস্য মো. আরিফ হাসান, তৌহিদ হোসেন, ইসমাত মাহাজাবিন বিন্তী, মো. ইমন ও নিসামণি প্রমুখ।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, শিশু আইন ২০১৩ (সংশোধিত ২০১৮) এবং জাতিসংঘ শিশু অধিকার সনদ অনুযায়ী শিশুদের রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। তবুও নির্বাচনী মিছিলে শিশুদের সামনের সারিতে রাখা, উসকানিমূলক স্লোগান দেওয়ানো, পোস্টারিং ও মাইকিংয়ে নিয়োজিত করার মতো ঘটনা ঘটছে। এই প্রক্রিয়ায় শিশুদের শারীরিক নিরাপত্তা ও মানসিক বিকাশের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি হয়। স্মারকলিপিতে প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দল ও প্রার্থীদের কঠোর নির্দেশনার দাবিও জানানো হয়েছে।
স্মারকলিপি গ্রহণকালে ইউএনও মুহ. সাদ্দাম হোসেন বলেন, “নির্বাচনী কাজে শিশুদের ব্যবহার বন্ধের দাবিটি অত্যন্ত সময়োপযোগী ও মানবিক। উপজেলা প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখবে এবং নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, শিশুবান্ধব নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো যাতে শিশুদের নির্বাচনী হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, সেজন্য মাঠপর্যায়ে প্রশাসনের কঠোর নজরদারি ও ভ্রাম্যমাণ আদালতের সক্রিয় ভূমিকা অপরিহার্য। এই আন্দোলন আগামীতেও অব্যাহত থাকবে।


