মোংলা প্রতিনিধি

বঙ্গোপসাগরের সাগরদ্বীপ এলাকা থেকে উদ্ধার হওয়া বাংলাদেশি জেলে আব্দুল মান্নানকে তার পরিবারের কাছে হস্তান্তর করেছে মোংলা কোস্ট গার্ড। শুক্রবার সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৩ জানুয়ারি কক্সবাজারের মহেশখালী থানাধীন ডালঘাট এলাকা থেকে একটি বাংলাদেশি ফিশিং বোট মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাত্রা করে। পরবর্তীতে ১৮ জানুয়ারি সকাল ১০টার দিকে বোটটি অসাবধানতাবশত আন্তর্জাতিক জলসীমা অতিক্রম করে ভারতীয় জলসীমায় প্রবেশ করে।
এ সময় ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ ‘কমলা দেবী’ বোটটিকে ধাওয়া করলে আব্দুল মান্নান (২২) নামের এক জেলে বোট থেকে পানিতে পড়ে যান। পরিস্থিতি বুঝে ভারতীয় কোস্ট গার্ড তাৎক্ষণিকভাবে তাকে সমুদ্র থেকে উদ্ধার করে।
মানবিক বিবেচনায় তাকে দ্রুত বাংলাদেশে ফেরত পাঠানোর উদ্যোগ নেয় ভারতীয় কোস্ট গার্ড। এ জন্য তারা বাংলাদেশ কোস্ট গার্ডের সঙ্গে যোগাযোগ করে। ওই সময় সমুদ্রে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা পদ্মা’ উদ্ধারকৃত জেলেকে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় নিয়ে আসে।
পরবর্তীতে বানৌজা পদ্মা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে কোস্ট গার্ড আউটপোস্ট দুবলায় হস্তান্তর করা হয়।
শুক্রবার সকালে সব আনুষ্ঠানিকতা শেষে উদ্ধার হওয়া জেলে আব্দুল মান্নানকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। আব্দুল মান্নান কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার দলগার্ড গ্রামের জাকের আহমেদের ছেলে।
কোস্ট গার্ড সূত্র জানায়, দুই দেশের কোস্ট গার্ডের পারস্পরিক সহযোগিতার ফলে জেলেটিকে নিরাপদে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।


