অনলাইন ডেস্ক

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেছেন, ‘আপনারা প্রমাণ করেছেন বগুড়ার মাটি ধানের শীষের ঘাঁটি। আপনারা ১৭ বছর ভোট দিতে পারেননি। এই বগুড়া বিএনপির প্রেসিডেন্ট শহীদ জিয়ার জন্মস্থান। তার স্ত্রী বেগম খালেদা জিয়া আপনাদের পুত্রবধূ। তারেক রহমান এই মাটিরই সন্তান।’
শনিবার বিকেলে বগুড়ার কাহালু উপজেলার নারহট্ট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নারী সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশে তিনি বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, ভোটাধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা নিয়ে বক্তব্য রাখেন।
সেলিমা রহমান বলেন, দীর্ঘদিন জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। এখন সময় এসেছে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে সবাইকে একতাবদ্ধ হওয়ার। তিনি দাবি করেন, বগুড়ার জনগণ সব সময় বিএনপির পক্ষে ছিল এবং ভবিষ্যতেও ধরাবাহিকতা বজায় রাখবে।
সমাবেশে স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, নারী ও শিশু অধিকার ফোরামের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, বিএনপির আন্দোলনে নারীদের অংশগ্রহণ দিনদিন বৃদ্ধি পাচ্ছে, যা গণতান্ত্রিক আন্দোলনকে আরও শক্তিশালী করছে।
নারী সমাবেশকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নেতাকর্মীরা দাবি করেন, এই সমাবেশ প্রমাণ করেছে—বগুড়ার মানুষ এখনো ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ।


