শনিবার, জুলাই ১৮, ২০২৬

প্যাকেজিংশিল্প থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি সম্ভব: আমীর খসরু

পাঠক প্রিয়

অনলাইন ডেস্ক

ঢাকা: যথাযথ নীতি সহায়তা, ব্যবসাবান্ধব পরিবেশ এবং সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ নিশ্চিত করা গেলে বাংলাদেশের প্যাকেজিংশিল্প থেকে ৫০ বিলিয়ন ডলার রপ্তানি আয় অর্জন করা সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।

গতকাল বুধবার রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) চার দিনব্যাপী গার্মেন্ট টেকনোলজি বাংলাদেশ (জিটিবি) ২০২৬গ্যাপএক্সপো ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, তৈরি পোশাক খাত ধারাবাহিক সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে ৫০ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যে এগোচ্ছে। একইভাবে প্যাকেজিং ও অ্যাকসেসরিজ শিল্পকেও সমান গুরুত্ব ও নীতিগত সহায়তা দিতে হবে। তাঁর মতে, সঠিক নীতি কাঠামো ও সহায়ক পরিবেশ তৈরি করা গেলে এই খাতের উদ্যোক্তারাও বৈশ্বিক বাজারে প্রতিযোগিতা করে বড় পরিসরের রপ্তানি আয় অর্জনে সক্ষম হবেন।

তিনি অভিযোগ করেন, অতিরিক্ত নিয়ন্ত্রণ, জটিল নীতিমালা এবং আমলাতান্ত্রিক প্রতিবন্ধকতার কারণে প্যাকেজিংশিল্পের সম্ভাবনা পুরোপুরি কাজে লাগানো যাচ্ছে না। পাশাপাশি রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠা গোষ্ঠীকেন্দ্রিক ব্যবসায়িক কাঠামো মুক্ত প্রতিযোগিতাকে বাধাগ্রস্ত করছে বলেও তিনি মন্তব্য করেন।
‘আমরা চাই, সব ব্যবসার জন্য সমান সুযোগ ও ন্যায্য প্রতিযোগিতা নিশ্চিত হোক,’ বলেন বিএনপির এই শীর্ষ নেতা।

দলের অর্থনৈতিক দর্শন তুলে ধরে আমীর খসরু বলেন, বিএনপি বেসরকারি খাতনির্ভর প্রবৃদ্ধিতে বিশ্বাস করে। তাঁর ভাষায়, ব্যবসায়ীদের সক্ষমতা বাড়ানো গেলে তাঁরা সরকারি ও বেসরকারি উভয় খাতের বড় প্রকল্প বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখতে পারবেন। এ জন্য তিনি দক্ষতা উন্নয়ন, ব্যয় হ্রাস, ব্যবসা সহায়তা এবং সরকারি সেবার ডিজিটাইজেশনের ওপর গুরুত্ব আরোপ করেন।

প্যাকেজিংশিল্পের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, বর্তমান বৈশ্বিক বাজারে অনেক ক্ষেত্রে পণ্যের চেয়েও প্যাকেজিং ভোক্তার সিদ্ধান্তে বড় ভূমিকা রাখছে। ফলে এই খাতের উন্নয়ন মানেই পুরো রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, দেশের অ্যাকসেসরিজশিল্প স্থানীয় পোশাক কারখানার চাহিদা পূরণে সম্পূর্ণ সক্ষম। তিনি স্থানীয়ভাবে উৎপাদিত অ্যাকসেসরিজ আমদানি নিরুৎসাহ করতে কার্যকর নীতিগত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।

বিজিএপিএমইএ সভাপতি মো. শাহরিয়ার বলেন, নীতিগত সহায়তা ও নগদ প্রণোদনার অভাবে বাংলাদেশ প্রায় ৭০০ বিলিয়ন ডলারের বৈশ্বিক প্যাকেজিং বাজারের বড় অংশ থেকে বঞ্চিত হচ্ছে। বর্তমানে এই খাতের সরাসরি রপ্তানি প্রায় ১.৬ বিলিয়ন ডলার এবং প্রচ্ছন্ন রপ্তানি ৭.৮ বিলিয়ন ডলারের বেশি হলেও কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জিত হয়নি। তিনি জানান, চীন, ভিয়েতনাম, কম্বোডিয়া ও ইন্দোনেশিয়ায় প্যাকেজিং রপ্তানিতে ৪ থেকে ১৭ শতাংশ পর্যন্ত নগদ প্রণোদনা দেওয়া হলেও বাংলাদেশে সরাসরি রপ্তানিতে এখনো কোনো প্রণোদনা নেই।

জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, বাংলাদেশ পূর্ণাঙ্গ শিল্পায়িত রাষ্ট্র হওয়ার সক্ষমতা রাখে। এ লক্ষ্যে ব্যবসায়ীদের ভোগান্তি কমানো এবং নীতিগত স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনার মাধ্যমে ভোগান্তি কমবে এবং রাজস্ব ব্যবস্থাপনাও সহজ হবে বলে তিনি মন্তব্য করেন।

বিজিএমইএর ভারপ্রাপ্ত সভাপতি সেলিম রহমান বলেন, পোশাক খাতে ১০০ বিলিয়ন ডলার রপ্তানি আয়ের লক্ষ্যে পৌঁছাতে হলে ব্যাকওয়ার্ড লিংকেজ শিল্প—বিশেষ করে অ্যাকসেসরিজ ও প্যাকেজিং খাতকে আরও শক্তিশালী করতে হবে। উচ্চমূল্যের পোশাক উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রেখে উন্নতমানের প্যাকেজিং সক্ষমতা গড়ে তোলার ওপরও তিনি জোর দেন।

অনুষ্ঠানে এএসকে ট্রেড অ্যান্ড এক্সিবিশনস প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক টিপু সুলতান ভূঁইয়া বলেন, প্রযুক্তিগত রূপান্তর এখন সময়ের দাবি। উদ্যোক্তাদের জন্য বৈশ্বিক উদ্ভাবন ও আধুনিক প্রযুক্তির সঙ্গে যুক্ত হওয়ার কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে জিটিবি ২০২৬ কাজ করছে।

১৫টিরও বেশি দেশের চার শতাধিক ব্র্যান্ডের অংশগ্রহণে প্রায় দেড় হাজার স্টল নিয়ে আয়োজিত এই প্রদর্শনীকে বাংলাদেশের সবচেয়ে বড় গার্মেন্ট প্রযুক্তি প্রদর্শনী হিসেবে বিবেচনা করা হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এই প্রদর্শনী, যা শেষ হবে আগামী ১৭ জানুয়ারি।

সর্বশেষ সংবাদ

প্রতিহিংসার রাজনীতির অবসান, নাকি রাষ্ট্র পুনর্গঠনের সূচনা?

সুফি সাগর সামস বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। দীর্ঘ কয়েক দশকের সংঘাতমুখী রাজনীতি, ক্ষমতার পালাবদলের সঙ্গে প্রতিশোধের সংস্কৃতি,...

শিরোনাম: চীন-মিয়ানমার করিডরে যুক্ত হলে ২৪ ঘণ্টায় চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, সিলেট চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডরে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছানো সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী...

জাবির বাজেট ৩৪৮ কোটি ৭০ লাখ টাকা, গবেষণায় বরাদ্দ শূন্য

স্টাফ রিপোর্টার | জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৩৪৮ কোটি ৭০ লাখ টাকার বাজেট অনুমোদন দিয়েছে বিশ্ববিদ্যালয়ের সিনেট। শনিবার (২৭ জুন) সন্ধ্যায়...

বিশ্বকাপ জিতবে রোনালদোর পর্তুগাল’—ঘানার পুরোহিতের চাঞ্চল্যকর দাবি

স্পোর্টস ডেস্ক: ২০২৬ সালের ফিফা বিশ্বকাপকে সামনে রেখে এক চাঞ্চল্যকর ও বিতর্কিত ভবিষ্যদ্বাণী করেছেন ঘানার আধ্যাত্মিক ব্যক্তিত্ব নানা কোয়াকু বোনসাম। তার দাবি, আগামী বিশ্বকাপে...

বিয়েতে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত জনপ্রতি ১ হাজার টাকা ট্যাক্সের প্রস্তাব

অনলাইন ডেস্ক ঢাকা: বিয়ের অনুষ্ঠানে ১০০ জনের বেশি অতিথি হলে অতিরিক্ত প্রত্যেক অতিথির জন্য এক হাজার টাকা করে সরকারি ট্যাক্স আরোপের প্রস্তাব দিয়েছেন লক্ষ্মীপুর-১ আসনের...

জনপ্রিয় সংবাদ