ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে দিপু চন্দ্র দাস (২৭) নামে এক পোশাক শ্রমিককে পিটিয়ে হত্যা করার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেফতারকৃতরা হলেন: মো. লিমন সরকার (১৯), মো. তারেক হোসেন (১৯), মো. মানিক মিয়া (২০), এরশাদ আলী (৩৯), নিঝুম উদ্দিন (২০), আলমগীর হোসেন (৩৮), এবং মো. মিরাজ হোসেন আকন (৪৬)। র্যাব-১৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় কারখানার ভিতরে এক শ্রমিক দিপুর বিরুদ্ধে ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগ করেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ও কারখানার কর্মীরা ক্ষোভ প্রকাশ করেন। পরে উত্তেজিত জনতা কারখানার ফটক ভাঙার চেষ্টা করলে নিরাপত্তাকর্মীরা দিপুকে বাইরে পাঠান। এরপর জনতার মারধরে দিপু ঘটনাস্থলেই নিহত হন এবং পরে লাশে আগুন ধরানো হয়। পুলিশ ও সেনা সদস্যরা খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
দিপুর বোন চম্পা দাস বলেন, “উৎপাদন বৃদ্ধি নিয়ে শ্রমিক ও মালিকদের সঙ্গে তার বিরোধ থাকার কথা শুনেছি। হয়তো সেই কারণেই তাকে মিথ্যা অভিযোগ দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছে।”
পাইওনিয়ার নিটওয়্যারস (বিডি) কারখানার ফটকে গিয়ে কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করলে তারা এ বিষয়ে কথা বলতে অস্বীকার করেন। এই ঘটনায় দিপুর ভাই বাদী হয়ে অজ্ঞাত ১৫০ জনকে আসামি করে হত্যা মামলা করেছেন।


