কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

ঢাকা-২ আসনের ধানের শীষের প্রার্থী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান বলেছেন, দেশের জনগণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। নির্বাচনকে ঘিরে যেকোনো ধরনের ষড়যন্ত্র জনগণের ঐক্যবদ্ধ শক্তির সামনে ব্যর্থ হয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
শুক্রবার সন্ধ্যায় কেরানীগঞ্জ মডেল থানার কালিন্দী ইউনিয়নের গদাবাগ দূর্গাপূজা মন্দিরে অনুষ্ঠিত শ্রী শ্রী মহানামযজ্ঞ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন আমানউল্লাহ আমান।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে দেশের জনগণ তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত। এখন মানুষ ভোট দিতে মুখিয়ে আছে। জনগণের এই গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে দমিয়ে রাখার জন্য যারা ষড়যন্ত্র করছে, তাদের কোনো প্রচেষ্টাই সফল হবে না। গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের সরকার প্রতিষ্ঠার একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন।
বিএনপির এই নেতা আরও বলেন, দেশের মানুষ শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য প্রস্তুত রয়েছে। আগামী দিনে বিএনপি জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রতিটি পরিবারে নারী প্রধানের নামে ‘ফ্যামেলি কার্ড’ প্রদান করা হবে। এর মাধ্যমে পরিবারগুলো মাসে দুই হাজার থেকে তিন হাজার টাকার মধ্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবে অথবা পরিবার পরিচালনায় সহায়তা নিতে পারবে।
এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। আমানউল্লাহ আমান বলেন, বাংলাদেশের গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ। যিনি আজীবন গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, সেই নেত্রী যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন—এ জন্য সবাইকে পরম করুণাময়ের কাছে দোয়া করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তনের প্রত্যাশার কথাও উল্লেখ করেন তিনি।
অনুষ্ঠানে কেরানীগঞ্জ মডেল থানার বিএনপির সভাপতি শামীম হাসানসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিপুলসংখ্যক ভক্ত উপস্থিত ছিলেন।


