অনলাইন ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মকে ব্যবহার করে ভোট চাওয়ার অভিযোগ তুলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, কেউ কেউ ‘বেহেস্তের টিকিট’ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষকে প্রতারণা করে ভোট আদায়ের চেষ্টা করছে।
বৃহস্পতিবার সিলেট নগরীর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তারেক রহমান।
তারেক রহমান বলেন, “সবকিছুর মালিক আল্লাহ। কিন্তু কেউ কেউ এখন বেহেস্তের টিকিট বিক্রি করে ভোট চাইছে। নির্বাচনের আগেই তারা মানুষকে ঠকাচ্ছে। নির্বাচনের পরে তারা কী করবে, তা সবাই বুঝে গেছে।” তিনি আরও বলেন, “অমুককে দেখেছেন, তমুককে দেখেছেন—যারা এসব বলছেন, তাদের ১৯৭১ সালে দেশের মানুষ দেখেছে।”
নির্বাচন ঘিরে দেশি-বিদেশি ষড়যন্ত্রের আশঙ্কাও প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে পোস্টাল ব্যালট ডাকাতির ঘটনা ঘটছে। “যারা একসময় ভোট ডাকাতি করে পালিয়ে গেছে, তারাই আবার একই ধরনের ষড়যন্ত্রে লিপ্ত। এসবের বিরুদ্ধে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে,” বলেন তিনি।
তারেক রহমান বলেন, বিগত ১৬ বছরে মানুষের রাজনৈতিক অধিকার ও ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। রাজনৈতিক স্বাধীনতা ও বাকস্বাধীনতা প্রতিষ্ঠার সংগ্রামে বহু মানুষ জীবন দিয়েছেন বলেও উল্লেখ করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, “গত ১৬ বছর এই দেশকে অন্য দেশের কাছে বন্ধক দেওয়া হয়েছিল। তাই আমরা বলেছি—দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ।”
জনসভায় তিনি দলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ঐক্যবদ্ধ থাকলে সব ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা যাবে।


