সিরাজগঞ্জ প্রতিনিধি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বিএনপি ধর্মের ব্যবসা করে না এবং ধর্মকে ব্যবহার করে রাষ্ট্রক্ষমতা দখলের রাজনীতিতে বিশ্বাসী নয়। তিনি বলেন, ইসলামে কোথাও ধর্মকে পুঁজি করে ক্ষমতায় যাওয়ার কথা বলা হয়নি। রাসুল (সা.) যে পথ দেখিয়েছেন, সেই পথ অনুসরণ করেই বিএনপি রাজনীতি করতে চায়।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ শহরে নিজ বাসভবনে মসজিদের ইমাম ও মোয়াজ্জিনদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিরাজগঞ্জে আগমন উপলক্ষে এবং প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলকে সামনে রেখে।
ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, মদিনার সনদের আলোকে দেশ পরিচালনার নীতিতে বিএনপি বিশ্বাস করে। ধর্মের সঙ্গে কোনো বিভেদ বা বিদ্বেষ সৃষ্টি হয়—এমন কোনো কর্মকাণ্ড বিএনপি করবে না।
তিনি আরও বলেন, “মওদুদীবাদ ও মদিনার ইসলাম এক নয়। যারা ধর্মকে বিকৃতভাবে উপস্থাপন করছে, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।”
সাম্প্রতিক সহিংস ঘটনার প্রসঙ্গ টেনে টুকু বলেন, ‘তৌহিদী জনতা’ নামে একদল মানুষ একজন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যা করেছে। তিনি প্রশ্ন রেখে বলেন, “এটা কি ধর্ম হতে পারে?” এ ধরনের কর্মকাণ্ডের মাধ্যমে ইসলামকে কলঙ্কিত করা হচ্ছে এবং বিশ্ব দরবারে ইসলামকে ছোট করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধেও সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বিএনপির এই নেতা।
এ সময় তিনি আগামী ১১ জানুয়ারি সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের বিসিক শিল্পপার্কে অনুষ্ঠিতব্য বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে জেলার সব মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও মাদ্রাসার শিক্ষার্থীদের উপস্থিত থাকার আহ্বান জানান।
মতবিনিময় সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, সহ-সভাপতি নাজমুল হাসান তালুকদার রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কায়েস, ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলামসহ শহরের ২১৯টি মসজিদের ইমাম ও মোয়াজ্জিন উপস্থিত ছিলেন।


