অনলাইন ডেস্ক

ঢাকা, ২১ ডিসেম্বর: দেশব্যাপী মবসন্ত্রাস বন্ধ এবং এর সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল। রবিবার দুপুর পৌনে ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আয়োজনে অনুষ্ঠিত এই মিছিলে নেতৃত্ব দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। বিক্ষোভে অংশগ্রহণকারীরা ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগঞ্জ ইউনিয়নে বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে আগুন দিয়ে তার সাত বছরের কন্যা আয়েশা সানজুর হত্যাসহ দেশে চলমান মবসন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবি জানান।
বিক্ষোভ মিছিলের সময় শিক্ষার্থীরা ‘ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ’, ‘সম্প্রীতির বাংলাদেশ, আমাদের অঙ্গীকার’ এবং ‘মবসন্ত্রাসের ঠিকানা, এই বাঙলায় হবে না’ স্লোগান দেন।
মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাবি শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় বক্তব্য দেন।


